- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাড়ির আঙ্গিনায় সবজি চাষের আহবান দিরাই পৌর মেয়রের

স্টাফ রিপোর্টার, দিরাই
বাড়ির আঙ্গিনায়, উঠোন কিংবা ক্ষেত-খামারে অন্তত কিছু জায়গাতেও সবজি চাষের আহবান জানিয়েছেন, দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া। বুধবার দুপুরে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের পূর্ব দিরাই বট বৃক্ষের ছায়াতলে অনুষ্ঠিত সিলেট অঞ্চলে শষ্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্থানীয়দের প্রতি এ আহবান জানিয়ে বলেন,‘আমাদের শুধু ধান চাষ করলেই হবে না বিষমুক্ত তরি-তরকারির জন্য সবজি চাষ করতে হবে।’
ওয়ার্ড কাউন্সিলর এবিএম মাসুমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া।
উপজেলা কুষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, ‘যারা বীজের জন্যে শাক-সবজি চাষ করতে পারছেন না তাদের মাঝে বিনা মূল্যে বীজ সরবরাহ করা হবে। কারণ আমরা ভেজালের দুষ্টচক্রে আটকে আছি। বাইরে থেকে আসা শাক-সবজির অনেকটাই নিরাপদ নয়। দেখতে টাটকা মনে হলেও এসব শাক-সবজি  ফরমালিনে ভরপুর।  কিছু দুষ্ট লোকের কারণে এর কুফল ভোগ করতে হচ্ছে জনসাধারণকে। এ কাজের মাধ্যমে অন্তত কিছুটা হলেও আমরা উপকৃত হতে পারবো। সভা শেষে নিজেদের বাগানে উৎপাদিত সবজি পৌর মেয়রের হাতে তুলে দেন এলাকার খামারিরা।  

  • [১]