কুমার সৌরভ
বিপ্লবী কবি সুকান্তের পিতৃভূমি কোটালিপাড়া
এটা জানতামই না বিপ্লবী কবি সুকান্তের পিতৃভূমি এই কোটালিপাড়া উপজেলায়। বাপার্ডের একজন সহকর্মীকে জিজ্ঞাসা করলাম কোটালীপাড়ায় দেখার মতো দ্রষ্টব্য স্থান কী আছে। তিনি বললেন তেমন কিছু না। কবি সুকান্তের পৈত্রিক ভিটা রয়েছে ঊনশিয়া গ্রামে, ওখানে যেতে পারেন। কোটালীপাড়া বা পুরো গোপালগঞ্জ জেলাই সুনামগঞ্জের মতো ভৌগোলিক বৈশিষ্টমন্ডিত। নিন্মভূমি। হাওর-বাওর আর বিল প্রচুর পরিমাণে আছে ওখানে। নিন্মভূমি মূলত শুরু মুন্সিগঞ্জ জেলা থেকেই। ও রাস্তায় আসতে আসতে দেখলাম বহু বাড়িঘর কাঠের পাটাতনের উপর দাঁড়ানো। দোকানপাটও অনুরূপ কাঠের পাটাতনের উপর তৈরি করা হয়েছে। কোটালীপাড়াসহ পুরো গোপালগঞ্জ জেলা একসময় সাংঘাতিক প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন জলাশয়বহুল নিচু অঞ্চল ছিল। নৌকা ছাড়া যাতায়াতের বিকল্প উপায় কমই ছিল। আভ্যন্তরীণ বা জাতীয় সড়ক ছিল না বললেই চলে। আমাদের ভাটি অঞ্চলের মতো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে প্রয়োজন পড়ত নৌকার। নৌকার এই বহুল প্রচলনের বিষয়টি আওয়ামী লীগের দলীয় নির্বাচনী প্রতীক হিসেবে নৌকাকে বেছে নেয়ার বিষয়টি সরাসরি সম্পর্কিত বলেই অনেকে মনে করেন। সম্প্রতি এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রতিটি উপজেলা উন্নত সড়ক নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। তৈরি হয়েছে নানা জাতীয় প্রতিষ্ঠানসমূহ। শুধু কোটালিপাড়া নয় আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুরো গোপালগঞ্জ-ফরিদপুর অঞ্চলেই উন্নয়নের মহাযজ্ঞ দেখা গেল। বঙ্গবন্ধুর এলাকা বলে এই অঞ্চলটি অতীতে উন্নয়নবঞ্চিত চিল দীর্ঘ দীর্ঘ দিন। বাপার্ডের মতো একটি জাতীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোটালিপাড়ার মতো এক বিচ্ছিন্ন উপজেলায় গড়ে উঠেছে ১৯৯৭ সনে। ১০.১৪ একর জায়গার উপর ঘাগড় নদীর তীরে মনোরম পরিবেশে গড়ে উঠা এই প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের কৌশল উদ্ভাবনের লক্ষে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি আরও বর্ধিত ও সম্প্রসারণের চলমান কাজ দেখা গেল। বর্তমান বাপার্ডের লাগুয়া ৩০ একর জায়গাজুরে নির্মিত হচ্ছে দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ও ১০ তলা বিশিষ্ট আরেকটি আবাসিক ভবনের নির্মাণ কাজ। ইতোমধ্যে ৫০ ভাগ কাজ শেষ হয়ে পড়েছে। দুই/তিন মাসের মধ্যেই নতুন স্থাপনায় প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে পারবে বলে জানা যায়। কোটালীপাড়ার মোট জনসংখ্যার পঞ্চাশ ভাগের বেশি হিন্দু ধর্মাবলম্বী। সম্ভবত এই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা ভারতে মাইগ্রেট কম করেছেন। যাক মুড়ি ভানতে বসে আগুনে বেগুন না পুড়িয়ে আসুন মূল কথায় ফিরি।
মাত্র একুশ বছর আয়ুস্কালের তীব্র শ্রেণিসচেতন বিপ্লবী এই কবি (১৯২৬-১৯৪৭) ১৫ আগস্ট ১৯২৬ সনে কলকাতার কালীঘাটের ৪২ নং মহিম হালদার স্ট্রিটের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। কিন্তু কবির জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন কলকাতার বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়িতে। এর পাশের বাড়িটি সুকান্তের ভাই বিভাস ভট্টাচার্যের। বিভাস ভট্টাচার্যের পুত্র (কবি সুকান্তের ভ্রাতস্পুত্র) বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সিপিএম দলীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের ছাত্রত্বকাল বিশেষ করে কলেজজীবনে সুকান্তের কবিতা পড়ে আমরা যে অনুপ্রেরণা খুঁজে পেয়েছিলাম সেটি অনেকটা উদ্দীপক বলবর্ধক হিসেবে কাজ করেছে। সুকান্তে আমরা নীপিড়িত মানবাত্মার মুক্তির পথ খুঁজতাম। এখানে এসে যখন জানতে পারলাম এই কবির পিতৃভূমি একেবারে বেড়ানোর দূরত্বে তখন আর তর সইছিলো না। ঊনশিয়া গ্রামে সুকান্ত কখনও এসেছিলেন কিনা সেই তথ্য আমার হাতে নেই। তবে না আসার সম্ভাবনাই বেশি। কারণ তিনি বেঁচেছিলেন মাত্র ২১ বছর। এই স্বল্পায়ু জীবনে তিনি জড়িয়ে গিয়েছিলেন মানুষের মুক্তির লড়াই তথা বৃটিশ বিরোধী আন্দোলনে। মাতৃভূমির মুক্তির লড়াই যার উদ্দীষ্ট তিনি পিতৃভূমি দেখতে আসার সময় পাবেন কখন?
বিকালেই রওয়ানা হলাম ভ্যানগাড়িতে চড়ে। প্রসংগক্রমে উল্লেখ করি গোপালগঞ্জ জেলায় আমাদের এলাকার মতো রিকসার চলাচল দেখিনি। স্বল্পদূরত্বের সস্তা যান হিসেবে এখানে ভ্যানগাড়ি সমাদৃত। ভ্যানগাড়ি আর রিকসার প্রধান পার্থক্য হলো রিক্সায় হুড আছে আর ভ্যানগাড়িতে তা নেই। তিন চাক্কার উপর বসানো কাঠের পাটাতনে পা ঝুলিয়ে বসতে হয়। একটি ভ্যান একসাথে পাঁচ/ছয় জন যাত্রী টানতে পারে। ভ্যানগাড়িতে করে খোলা আকাশের নীচে চলার মাঝে এক ধরনের বাড়তি আনন্দ কাজ করে। নিজেকে অনেকটা স্বাধীন ও প্রকৃতির সন্তান মনে হয়। কোটালীপাড়া বাজারকে হাতের ডানে রেখে সোজা মূল রাস্তা বরাবর খানিকটা এগোলে একটি মোড় পাওয়া যায়। রাস্তাটি সেখানে ডান দিকে মোড় নিয়ে গ্রামের দিকে ঢুকে পড়েছে। রাস্তার মোড়ে সুকান্তের ম্যুরালসম্বলিত দৃষ্টিনন্দন স্মৃতিফলক। ওখানে নেমে নিজেরা বেশ কিছু ছবি তুললাম। স্মৃতিফলকটিকে ভালভাবে দেখলাম। এরপর আবারও ডান রাস্তা দিয়ে ভ্যানগাড়িতে করে এগোতে থাকলাম আমরা। ছিমছাম পল্লী বাংলার অপরূপ বৈশিষ্টম-িত সনাতন গ্রাম। আমতলী ইউনিয়নের অন্তর্গত ঊনাশিয়া গ্রাম। হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে-ওখানে প্রাচীন দালানকোঠা চোখে পড়ে। চোখে পড়ে নানা দেবতার মন্দির। একটা জায়গায় এসে ভ্যান থামল। সামনেই একতলা বাড়ি। কবি সুকান্ত পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম। জেলা পরিষদের অর্থায়নে এটি নির্মিত হয়েছে ২০১১ খ্রি. সনে। বাড়ির সামনে সুকান্তের আবক্ষ মূর্তি। গালে হাত দেয়া কোট গায়ে সেই চিরচেনা বিপ্লবী সকলের সামনে দাঁড়িয়ে আছেন নিজের অমিত তেজ নিয়ে। এটি পাঠাগার হলেও ভিতরে ঢুকে দেখলাম কাঁচের আলমিরায় সুকান্তের পূর্বপুরুষদের ব্যবহৃত কিছু জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। সেখানে কাঁসার থালা, বাটি, গ্লাস এমনসব তৈজসপত্রের পাশাপাশি দেখতে পেলাম একটি সংস্কৃত ভাষায় লিখা পুথির পা-ুলিপি। কেয়ারটেকার রয়েছেন একজন তবে তিনি কোনকিছুর ইতিহাস বা ধারা বর্ণনা দিতে পারছিলেন না। ফলে আমরা শুধু দেখেই তৃপ্ত হলাম। সুকান্ত পরিবারের কেউ আর এখানে থাকেন না। জানা গেল কবির পিতৃভূুমি বেদখল হয়ে গিয়েছেল। কবি সুকান্ত সেবাসংঘ নামের একটি প্রতিষ্ঠান উদ্যোগ নিয়ে এই বেদখলকৃত ভূমি দীর্ঘ সময় ও প্রক্রিয়ার পর ২০০৬ সনে উদ্ধার করতে সমর্থ হন। বাংলাদেশের অপরাপর অংশের বাস্তবতার মতো এখানেও কবির পিতৃভূমি বেদখল হয়ে ছিল। সুকান্ত সেবাসংঘ উদ্যোগ না নিলে এই জমি আদৌ দখলমুক্ত হত কিনা সন্দেহ। তাই সুকান্ত সেবাসংঘ আমাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য। মনে মনে এই প্রতিষ্ঠানের কর্ণধারদের উদ্দেশ্যে সালাম জানালাম। উদ্ধারকৃত ২.০৪ একর ভূমির উপরই বর্তমান পাঠাগার কাম অডিটরিয়ামটি দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানটি নিয়মিতই সুকান্ত স্মরণে অনুষ্ঠানাদির আয়োজন করে থাকে। প্রতি বছরের ১,২ ও ৩ মার্চ তারা এই জায়গায় সুকান্তমেলা আয়োজন করে থাকে জেলা প্রশাসনের সহায়তায়। সুকান্ত পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত ভিটায় বেড়াতে বেড়াতে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। পশ্চিম আকাশে হেলান দিয়ে সূর্যদেব লজ্জালাল বর্ণ ধারণ করে বিদায় নিতে পাততাড়ি গুটাচ্ছেন। আর আমরাও সুকান্ত তীর্থ দর্শন শেষ করে ফেরার পথে ভ্যানগাড়িতে চড়ে বসলাম। ভ্যানে বসে পা ছড়িয়ে দিয়ে উনাশিয়া গ্রামটি দেখতে দেখতে সুকান্তকাব্যভাবনায় মজে গেলাম। সেই যৌবনের সুকান্ত চর্চার কথাগুলো মনে পড়ছিল। মনে পড়ছিল নানা ঘাত-প্রতিঘাতে সুকান্তের কবিতার অমর লাইনগুলো কেমন করে প্রেরণের অগ্নিশিখা হয়ে উঠত। এই সুযোগে তাই আসুন সুকান্তের কাব্যজগৎ সম্পর্কে একটু আলোচনা করি। (চলবে)