কুমার সৌরভ
(পূর্ব প্রকাশের পর)
বাগেরহাট জাদুঘর
আফসোস থেকে গেল। আমরা যখন ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘর প্রাঙ্গণে গিয়ে পৌছাই তখন দুপুর। প্রবেশপথের লাগুয়া বাগেরহাট জাদুঘর কর্তৃপক্ষের অফিসটি তখন নামাজ ও মধ্যাহ্ন ভোজনের জন্য বন্ধ হয়ে গেছে। ফলে এই জাদুঘর ও বাগেরহাট নিয়ে গবেষণামূলক কোন গ্রন্থই প্রচ- ইচ্ছা থাকা সত্বেও কিনতে পারি নি। অফিসের বারান্দায় একটি প্রদর্শনী বোর্ডে বইগুলোর নাম লিখা ছিল। নাম পড়ে পড়ে আফসোস হচ্ছিল কেন আরেকটু আগে আসা হল না, তাহলে এর কয়েকটি বই সংগ্রহ করা যেত। অফিসের কাছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজনকে জিজ্ঞাসা করলাম, অফিস কখন খুলবে? তার নির্বিকার উত্তর বিকাল তিনটায়। হতাশ হলাম। কারণ এতক্ষণ কোনভাবেই এখানে থাকা যাবে না। আমি যদি একা হতাম তাহলে শুধু বইগুলো সংগ্রহ করার জন্যই ওইদিন থেকে যেতাম বাগেরহাট। কিন্তু একটি পূর্বনির্ধারিত কর্মসূচীর আওতায় এসে এটি আদৌ সম্ভব ছিল না। সুতরাং অন্তরে কষ্ট নিয়েই মসজিদ ও জাদুঘর এলাকায় ঢুকেছিলাম সেদিন।
জাদুঘরটি খুব বড় নয়। আনুমানিক দেড়/দুই হাজার বর্গফুটের মতো হবে। মোট তিনটি কক্ষ নিয়ে এই জাদুঘর। প্রতিটি কক্ষেই কাঁচের শো-কেসের মধ্যে সযত্নে রক্ষিত আছে প্রাচীন জনপদ বাগেরহাটের নানা নিদর্শনসমূহ। নিদর্শনগুলোর সাথে পরিচিতিও লিপিবদ্ধ রয়েছে। একেবারে প্রবেশমুখে একটি কাঁচের শো-কেসে একটি বিশাল কুমিরের কংকাল রাখা রয়েছে। এই কুমিরের কংকাল থেকে খানজাহান আলীর মাজারের ইতিহাসখ্যাত ধলাপাহাড় ও কালাপাহাড় কুমির দুইটির কথাই দর্শনার্থীদের স্মরণ করিয়ে দেয়া হয়। এখানেও জাদুঘরের তরফে কোন গাইড নেই যিনি আগন্তুকের কোন জিজ্ঞাসার উত্তর দিতে পারেন। সুতরাং চোখের দেখা ও পার্শ¦স্থ পরিচিতিমূলক কাগজগুলোই ভরসা।
আগের কিস্তিগুলিতে উল্লেখ করা হয়েছিল বাগেরহাট এক প্রাচীন জনপদের নাম। এখানে হিন্দু, বৌদ্ধ ও ইসলাম এই তিনটি ধর্মীয় সংস্কৃতির বিকাশ ঘটেছে পালাক্রমে। বাংলার স্বাধীন সুলতানি আমলে তো এই জনপদ ছিল এক সমৃদ্ধ অঞ্চল। বিশেষ করে খানজাহান আলী (রহ.) এর আগমনের পর এই অঞ্চলে নির্মিত হয় বহু মসজিদ, দীঘি-পুকুর ও অন্যান্য স্থাপনা। এসবেরই বেশ কিছু সংগ্রহ রয়েছে বাগেরহাট জাদুঘরে। এই জাদুঘরটি ১৯৯৫ সনে নির্মিত হয় । এখানে প্রাচীন আমলে ব্যবহৃত পোড়ামাটির বিভিন্ন বাসনপত্র, ঘরসাজানো ও খেলার সামগ্রী, নানা জাতের পশুর শিং, শঙ্খের তৈরি প্রাচীন বিভিন্ন বস্তু, সিলোডনপাত্রের ভাঙ্গা টুকরো এমন বহু নিদর্শন জাদুঘরের তিনটি কক্ষে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সময় কম থাকার কারণে সবগুলো ভুক্তি ভাল করে পর্যবেক্ষণ করা সম্ভব হয় নি। তবে প্রাচীন সভ্যতার সমৃদ্ধ একটি জনপদের এইসব ঐতিহাসিক উপাদান দখে শিহরিত হলাম। মনে হলো জাদুঘরে আসলে যেন মানুষ ইতিহাসের সাথে হাঁটে। জাদুঘরে ঢুকলে নিমিষে দর্শক ব্যক্তিটি শতক শতক পিছনে ফিরে যায়। জাদুঘর কর্তৃপক্ষের সাঁটিয়ে রাখা পরিচিতিপত্র অনুসারে যেসব জিনিস দেখেছি তার কয়েকটির নাম এখানে উল্লেখ করা হলো। (১) ১৫ শতকের পুষ্পশোভিত পোড়ামাটির ইট (২) ১৫ শতকের পোড়ামাটির অলংকৃত সঞ্চয়াধারা (এক ধরনের কলসি বিশেষ) (৩) ১৫ শতকের পোড়ামাটির পাইপ (৪) পেইন্টেড পটারি (৫) পনের শতকে প্রচলিত কড়ির মুদ্রা (৬) নলযুক্ত পোড়ামাটির পানির পাত্র (৭) পাথরের তৈরি বাটি (৮) সুতা কাটার টাকু (ব্যাসল্টের তৈরি) (৯) নৌকাকৃতির তৈল প্রদীপ (পাথরের তৈরি) (১০) পাথরের শীল-পাটা (১১) মাটির তৈরি বিভিন্ন ধরনের তৈল প্রদীপ (১২) বিভিন্ন ধরনের পানির নির্গমন নল (মাটির তৈরি) (১৩) সৌখিন পাত্রের হাতল (মাটির তৈরি) (১৪) তামার তৈরি মনিবন্ধ (১৫) শঙ্খের তৈরি বালা (১৬) পোড়ামাটির খেলনা (১৭) পোড়ামাটির বিশেষ ধরনের বদনা (১৮) পোড়ামাটির শিকল (১৯) স্প্রিংকলার টপ ও সরু নলযুক্ত পানির পাত্রের শীর্ষভাগ (২০) পোড়ামাটির কালিপাত্র (ইঙ্কপট) (২১) পশুর শিং (২২) ধাতুপি- ও লোহার ছুড়ি (২৩) লোহার হাতল (২৪) লোহার তৈরি ক্ষুদ্র পাত্র (২৫) তরবারি (২৬) শঙ্খের খোলক (২৭) সিলাডন পাত্রের ভাঙ্গা টুকরো (২৮) কাঁচ, লেড ও পোড়ামাটির মিশ্রণে তৈরি চকচকে রঙিন প্রলেপযুক্ত থালা (২৯) বিভিন্ন ধরনের থালা ।
হাতে সময় কম, তাই যত দ্রুতসম্ভব সবগুলো নিদর্শন দেখে নেয়া, টুকটাক নোট লিখে রাখা এবং মোবাইল ফোনে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ি। যদিও জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধ তবু দেখলাম অন্য সবাই যে যার মতো ছবি উঠাচ্ছে। অনেকে জাদুঘরের নানা নিদর্শনের সামনে দাঁড়িয়ে ছবি তোলছেন। বিশেষ করে কমবয়সী ছেলে-মেয়েরা নানা পোজে ছবি তোলছে মহানন্দে। জাদুঘর কর্তৃপক্ষের তরফ থেকে কাউকে বাধা দিতে দেখিনি। তাই আইন না মানার এক বিশেষ তাগিদ অনুভব করলাম মস্তিস্কের নিউরন থেকে। মগজ থেকে বার্তা আসতে থাকল, এই কাজে কোন দোষ নেই। মগজের নির্দেশে কাগজে লিখা নিয়ম না মানার সিদ্ধান্ত নিয়ে যতগুলো সম্ভব নিদর্শনের ছবি তোললাম। এখন দেখি এই ছবিগুলো বেশ কাজে দিয়েছে। উপরে যতগুলো ভুক্তির পরিচয় দিতে পেরেছি সেজন্য ওই ছবিগুলোই অনবদ্য ভূমিকা রেখেছে।
জাদুঘরে সংরক্ষিত এইসব নিদর্শন, যার অধিকাংশই পঞ্চদশ শতকের, সেগুলো দেখে এই অঞ্চলে উন্নত সভ্যতার একটি পরিচয় পাওয়া গেল। বিশেষ করে পোড়ামাটির কাজগুলো দেখলে সেই সময়ের অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় আপনাআপনি মাথা নুয়ে আসে। ইতিহাসে যেহেতু শ্রমজীবী মানুষের নাম লিখার ধারা তখনো শুরু হয় নি তাই এখন আর ওইসব সভ্যতা-নির্মাতাদের কথা জানার সুযোগ নেই। মনে মনে যুগে যুগে অনাদরে, অন্তরালে শত শোষণ আর নির্যাতনের বৃত্তে বন্দী সেইসব সভ্যতা-বিনির্মাতাদের উদ্দেশ্যে অন্তরের শ্রদ্ধা নিবেদন করলাম। জাদুঘরে রক্ষিত নিদর্শনগুলো যে হস্তনির্মিত তা না বললেও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ তখনও পৃথিবীতে শিল্পবিপ্লব ঘটেনি। যন্ত্রের ব্যবহার ছিল একেবারেই সীমিত। দ্রব্য নির্মাণে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো সেগুলোও ছিল হস্তনির্মিতই। নিদর্শনগুলোর সৌন্দর্য ও সুক্ষ কারুকাজ দেখে ভাবতে অবাক লাগে আমাদের পূর্বপুরুষেরা কতোটা অসম্ভব দক্ষ ছিলেন। আজ যন্ত্রসভ্যতার ব্যাপক প্রসারের ফলে আমাদের সুপ্রাচীন ঐতিহ্যবাহী হস্তশিল্পের বিলুপ্তি ঘটেছে। কিন্তু বাগেরহাট জাদুঘর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো বাঙালি জাতির এই প্রাচীন সমৃদ্ধশালী ইতিহাসটি।
হাতে সময় নেই। ফেরার তাড়া। পেটের ক্ষুধাও আস্তে আস্তে জানান দিচ্ছে দ্রুত খাবার গ্রহণের। দলনেতার তাগাদা ও পেটের ক্ষুধা এই দুই মহোদয়ের ইচ্ছায় জাদুঘর প্রাঙ্গণ ছাড়তে হলো অনেকটা অনিচ্ছা নিয়েই। ফেরার পথেও দেখলাম জাদুঘর অফিসটি তখনও খোলেনি। আফসোস নিয়েই জাদুঘর এলাকা ছাড়লাম। তখন বিকাল তিন টা বেজে গেছে। আপাতত গন্তব্য আগে থেকে ঠিক করা বারকপুরের হোটেল খানজাহান আলী। মধাহ্নভোজনপর্বটা বেশ জমাটিই হলো। সামুদ্রিক ভেটকি (কোড়াল) মাছ সাথে খাশির মাংস এই প্রধান দুই উপাদেয় রসনাতৃপ্তিদায়ী বস্তুর সাথে অন্যান্য ছোটখাট পদ ছিল অনেক। বিশেষ করে চিংড়িভর্তার স্বাদটি যেন এখনও জিভে লেগে আছে। কোল্ডড্রিংক দিয়ে মহাভোজনপর্ব শেষে গাড়িতে চাপলাম। এবারের গন্তব্য বাঙালি জাতির পিতা এই দেশটির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা পচাত্তরের পনেরই আগস্ট কতিপয় বিশ্বাসঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়াস্থ সমাধিসৌধ। এক প্রাচীন ঐতিহাসিক জনপদ থেকে আধুনিক বাঙালি-জাতি রাষ্ট্রের আরেক ঐতিহাসিক সুতিকাগারে যাওয়ার উত্তেজনা সহযাত্রী সকলকেই পেয়ে বসেছে। বাগেরহাট ছেড়ে যাওয়ার সময় শীতের সূর্য পশ্চিমাকাশে হেলে পড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। দিনের আলো থাকতে থাকতেই টুঙ্গিপাড়া পৌঁছার ইচ্ছার কথা জানিয়ে দেয়া হলো আমাদের গাইডের পক্ষ থেকে। গাড়ি ছুটছে ইতিহাস থেকে ইতিহাসে। (চলবে)