কুমার সৌরভ
ধান ভানতে শিবের গীত
ভ্রমণকাহিনি লিখেন তিনি, যিনি পরিব্রাজক এবং সাহিত্যিক। ভ্রমণকাহিনি নিছক ভ্রমণের বিবরণী নয়, এ হলো একটি এলাকার ইতিহাস-কেবল ইতিহাস নয় বরং সাহিত্য মানসম্মত নান্দনিক উপস্থাপনা। যে স্থানটি দেখা হলো তার শিল্পীত উপস্থাপনা। সরস প্রাঞ্জল ভাষায়। কারণ ভ্রমণকাহিনির উদ্দীষ্ট হলো পাঠক। পাঠক যাতে পড়ে তৃপ্তি পান সেরকমভাবে লিখতে পারলেই কেবল এটি কোন স্বার্থক ভ্রমণকাহিনি বা ভ্রমণ সাহিত্য হতে পারে। এরকম কোন গুণই আমার নেই। তদুপরি আমি কোন পরিব্রাজক কিংবা সৌখিন বেড়ানোর লোকও নয়। যাপিত জীবনের আটপৌঢ়ে বন্ধনের ফাঁক গলে এতটুকু ফুরসৎ মিলে না নিজের বাড়ির আকাশ দেখার। কখনও পূর্নিমা রাতের চাঁদ দেখি নি। হাওরে জ্যোস্নারাতে নৌকায় বেড়ানো হয় নি। ভোরের সকালে জানালার ফাঁক গলে রূপালী আলোর যে বীকিরণ ঘটে জানান দেয় রজনী অবসানের, সেই দৃশ্য উপভোগের চেষ্টা করি নি কখনও। বৃষ্টির রাতে টিনের চালে রিমঝিম শব্দকে কখনও অপার্থিব সঙ্গীত কিংবা বাদ্যের ঝংকার মনে হয় নি এই মনে। গাছের শাঁখে কুকিল ডাকা শব্দ আমার কানে প্রবেশ করে তারপরও কোন চিত্তচাঞ্চল্য লক্ষ করি নি কখনও। আমার দিন শুরু হয় কঠিন জীবন সংগ্রামে নামার জন্য। শৈশব থেকে শুরু পিতার হাত ধরে। এই পরিণত বয়সেও একই সংগ্রামের পরিক্রমা নৈমিত্তিক। সকাল দুপুর বিকেল গড়িয়ে রাত হয় কলম পিষে না হয় অধুনা কম্পিউটারের পর্দায় চোখ রেখে। রাতও হয়। বাসায় ফিরি। কোনভাবে মুখে দু’চারটি গুজে বিছানাই একমাত্র বিনোদন। এই যে জীবনের একঘেয়ে বৃত্ত এর কোন ব্যতিক্রম ঘটে নি কখনও। ঘটবে কি না তারও কোন সম্ভাবনা নেই। এমন নিরস মনোধিকারী কেউ ভ্রমণ কাহিনি লিখবে এমন চিন্তা অপরাধও বটে। কিন্তু সেই যে শ্রী শ্রী গীতায় আছে, ভগবান চাইলে খোঁড়াও পর্বত ডিঙাতে পারে তাঁর কৃপা হলে, এরকম কোন কৃপাধন্য হয়েই বোধ করি এই অসংস্কৃত অনার্য মনেও আজ কিঞ্চিৎ কাহিনি লিখার অভিপ্রায় জাগ্রত হয়েছে।
সুনামগঞ্জের নামকরা আইনজীবী তিনি। সুপ্রতিষ্ঠিত লেখকও বটে। তাঁর লিখার নদীর কুলকুল শান্ত স্রোতধারার মতো এগিয়ে চলা সাবলীল ভাষা, চমৎকার শৈলী, গভীরতা মিলিয়ে ভীষণ পাঠকপ্রিয় তিনি। তিনি একজন সৌখিন পরিব্রাজক। বছরে এক দুই বার দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশ-বিভুইয়ে অপার সৌন্দর্যের হাতছানিতে। ভ্রমণে দু’হাতে টাকা খরচে তাঁর জুরি মেলা ভার। তিনি আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট স্বপন কুমার দেব। তাঁর মালদ্বীপ-শ্রীলংকা ভ্রমণের উপর একটি সরস ধারাবাহিক সুনামগঞ্জের খবরে নিয়মিত ছাপা হচ্ছে। তিনি চান শেষ পৃষ্ঠার এই কর্নারটি যাতে নিয়মিতই ভ্রমণ-সাহিত্যের জন্যই নির্ধারিত থাকে। তাই নিজের লেখা শেষ হওয়ার পর এই কলামে কার লেখা যাবে তা নিয়ে চিন্তিত তিনি। উল্লেখ করা দরকার বছর দুই আগে তাঁরই ভারত ভ্রমণের উপর একটি কাহিনি প্রকাশের মাধ্যমে সুনামগঞ্জের খবরের শেষ পৃষ্ঠার এই কলামটি এখন অব্ধি ভ্রমণ বিষয়ক স্মৃতিকথা প্রকাশ করে যাচ্ছে। এর পর এই কলামে প্রকাশিত হয়েছে কবি ও আইনজীবী রোকেস লেইসের শিলং ভ্রমণের অনুপম রচনা। রোকেস লেইসের পর লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুর আমেরিকা ভ্রমণের উপর লিখা স্মৃতিচারণ প্রকাশিত হয়েছে দীর্ঘদিন। স্বপনদার এবারের পর্যায়ের ভ্রমণ কাহিনিটি প্রায় শেষ পর্যায়ে এসেছে। পত্রিকা অফিসে খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন, এরপর আর কোন ভ্রমণ কাহিনি পত্রিকার স্টকে নেই। তিনি জানতেন আমি দেশের ভিতর অধুনা কয়েকটি জেলায় গিয়েছিলাম। দর্শনীয় কিছু দ্রষ্টব্যস্থানও এই সুযোগে দেখেছি। এই যোগসূত্রের কারণেই তিনি একদিন বললেন, এবার তোমার লেখা দেখতে চাই। আমি কিছুটা অপ্রস্তুত এবং কিছুটা বিব্রত হয়ে বললাম, দাদা আমি তো বেড়াতে যাই নি ওসব স্থানে। সুযোগের সদ্বব্যবহার করে সামান্য কয়েকটি ঐতিহাসিক জায়গা দেখেছি মাত্র; রথ দেখে কলা বেচার মতো। আমার যে অভিজ্ঞতা তা কোন ভ্রমণকাহিনি লেখার মতো পর্যাপ্ত নয়। তাছাড়া আমি গদ্য লেখক হিসেবেও কোন পর্যায়ের না। কিন্তু স্বপনদা আমার ওজর আপত্তি মানতে নারাজ। তিনি ক্রমাগত চাপ অব্যাহত রাখলেন। অবশেষে তাঁর মান রাখতেই অনার্যের এই প্রয়াস। আমি নিজের দুর্বলতা স্বীকার করে নিয়েই পাঠক সমীপে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি তাই। এখানে ভ্রমণকাহিনির যে চিরাচরিত স্বাদ তা থেকে বঞ্চিত হয়ে পাঠক যাতে কোপান্বিত না হন সেজন্য এই আগাম ক্ষমা চেয়ে নেয়া।
কী নিয়ে লেখা যায়? মানিকগঞ্জ জেলার অন্তর্গত রাঢ়িখালে বিখ্যাত বাঙালি বিজ্ঞানি স্যার জগদীশ চন্দ্র বসুর জন্মস্থান নিয়ে? টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স নিয়ে? বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার বা বাগেরহাট লোক জাদুঘর নিয়ে? কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রকুঠিবাড়ি অথবা কুষ্টিয়া শহরের ঠাকুর লজ নিয়ে? গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় অবস্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের পিতৃভূমি নিয়ে? বাঙলা সাহিত্যের অপূর্ব সৃষ্টি বিষাদসিন্ধুর অমর গ্রন্থকার মীর মোশাররফ হোসেনের কুষ্টিয়া শহরের বাসস্থান নিয়ে? ছেউড়িয়ার লালন সমাধি কমপ্লেক্স? মোহিনী মিল? রাজশাহীর পদ্মাপাড়ের ছায়াবীথি, রেশমপল্লী, নাটোরের গণভবন-কাঁচাগোল্লা? টাঙ্গাইলের জামদানী-চমচম? এইসব দ্রষ্টব্য স্থান ঝটিকা সফরের মতো করে চোখের দেখা দেখেছি। এই দেখায় ছিল না কোন পর্যবেক্ষণের লেশমাত্র বৈশিষ্ট্য। ছিল না ইতিহাস অনুসন্ধানের বিন্দুমাত্র চেষ্টা। যা ছিল তা হলো কেবল বলা যে, গিয়েছি ওসব স্থানেও। এক ধরনের টিপিক্যাল মানসিকতা আর কি। ঠেলায় পড়ে এখন বগা কান্দেরে অবস্থা আমার হয়েছে। পরিত্রাণের পথ খুঁজি। বাঙালির সহজাত শর্টকার্ট সিওর সাকসেস পাওয়ার মোক্ষম দাওয়াই খুঁজি। কিন্তু তা কি আর সহজসাধ্য? তরাও মধুসুধন বলে যতই তরপাও ছাড়ছে না প্যাঁচানোবুড়ি।
কুষ্টিয়া, গোপালগঞ্জ, বাগেরহাট, মানিকগঞ্জ যেতে তো সুরমা মেঘনা বুড়িগঙ্গা পদ্মা যমুনা ধলেশ্বরী মধুমতি গড়াই এসব নদী পেরোতে হয়। কিন্তু নদী না পেরিয়েই যে তীর্থস্থান সেইসবের কী হবে? ওই যে ঘর হতে দু পা ফেলিয়া একটি ঘাসের ডগার উপর একটি শিশির বিন্দু; তার কী হবে? আমার জন্মস্থানের চারপাশে ইতিহাসের যে ছড়াছড়ি তার কতটুকু দেখেছি জেনেছি বুঝেছি? সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য মহাভারত। আর্য অনার্য সভ্যতার অভিঘাতে ঐতিহাসিক ধর্মীয়-সামন্তীয় উপখ্যানসম্বলিত বিশ্বসমাদৃত এই মহাকাব্যের এক বাংলা অনুবাদক যে এই সুনামগঞ্জেরই লাউড় পরগনার সঞ্জয়, তার খবর আমরা জানি কি কেউ? আমরা কি জানি পলাশীর প্রান্তরে নবাব সিরাজের পরাজয়ের পর তাঁর একমাত্র বংশধরের এক অধস্তন ধারা এই সুনামগঞ্জে কাটিয়ে গেছেন, তার খবর? হিন্দু পুনর্জাগরণের পথিকৃত শ্রী চৈতন্যের অন্যতম পারিষদ অদ্বৈত মহাপ্রভুর ধাম তাহিরপুরের রাজারগাঁওয়ে, এই পুন্যস্থানকে ঘিরে প্রতি বছরের চৈত্রমাসের পূন্যতিথিতে ঘটে লক্ষ মানুষের মিলনমেলা, সেই তীর্থস্থানের ইতিহাস আমরা কয়জন জানি? রাজারগাঁওর অদূরে আরেক সাধক পুরুষ শাহআরেফিন মোকাম গেঁড়েছিলেন কোন এক প্রাচীন সময়ে। ওই মোকামে এখন প্রতিবছর ঘটে মানবমেলা। সৈয়দপুরের সাধকপুরুষ সৈয়দ শাহনূর, তাঁরই সাধনসঙ্গিনী মন্দোধরী মাঈজিকে ঘিরে রয়েছে অনেক কথা, সদর উপজেলার কলাইয়া গ্রামে সেই মাঈজির মাজারের খবর আমরা জানি কি? আমরা জানি কি এই জেলা সদর থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরত্বে তাহিরপু্েরর হলহলিয়া গ্রামে ছিলো প্রাচীন লাউড় রাজ্যের রাজধানী ? হ্যাঁ, রাধারমণ, হাছন, করিমের কথা জানি কিছুটা আমরা বটে। তবে করিমের গানে ভাবালুতার বাইরেও যে গণমানুষের অধিকার সংরক্ষণের অসম্ভব শক্তিশালী দিক রয়েছে, রাধারমণের গান সংখ্যা যে বাঙলা ভাষার যে কোন গীতিকারের চাইতেও বেশি, হাছনের গানে কুসংস্কার আর কূপম-ুকতার বিরুদ্ধে রয়েছে শক্তিশালী প্রতিবাদ; সেগুলোর চর্চা কি আছে আমাদের মননে? এই অঞ্চলের এক বিপ্লবী রবিদাম, যিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের পর যখন গণমানুষের অধিকার রক্ষায় জীবন পণ করেছিলেন তখন পাকিস্তানি পুলিশ বাহিনির দ্বারা তাকে নির্মম হত্যাকা-ের খবর আমরা কয় জন জানি? আমরা এও কি জানি সুনামগঞ্জের আধুনিক কবিদের অগ্রজ একইসাথে সাংবাদিকতায় সুনামগঞ্জের মুখ উজ্জ্বলকারী ব্যক্তি আজীবন অসাম্প্রদায়িক কবি প্রজেশ রায় নিহত হয়েছিলেন ঢাকায় এক সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয়ে? সাংবাদিকতায় প্রাতস্মরণীয় ফজলুল হক সেলবর্ষী বা মকবুল হোসেন পুরকায়স্থকে এই প্রজন্মের ক’জনাই বা চিনেন? আমরা তো বিস্মৃত জ্ঞানতাপস মরহুম আব্দুল হাই সম্পর্কে। দেওয়ার আজরফ সম্পর্কে। অধ্যাপক শাহেদ আলী সম্পর্কে। ব্যক্তি বাদ দিন, আমাদের যে প্রাকৃতিক অপরূপ বৈচিত্র সম্ভার ছড়ানো ছিটানো রয়েছে সারা জেলার আনাচে কানাচে তার কতটুকু নিজেরা দায়িত্ব নিয়ে প্রচার প্রসার ঘটাচ্ছি? এই যে বাড়ির কাছে আরশিনগর তাই দিয়ে তো রচনা করা যায় আরেক মহাভারত। এই সুনামগঞ্জ কবে পত্তন হয়েছিল, নামকরণের কী ইতিহাস সে বিষয়ে এখনও আমরা অনেক অবাস্তব গল্পকথার কল্পরাজ্যে বিচরণ করছি। শুধুমাত্র উনিশ শ’ একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে এই জেলার যে অসম সাহসের উপাখ্যান, অমিততেজ জগৎজ্যোতি, তালেব, আবুল হোসেনদের যে অমর বীরত্বগাঁথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের প্রান্তরে প্রান্তরে তাই দিয়ে একখ- ইলিয়ড রচনা করা যায় অনায়াসে। হাওরের এই জেলার যে কৃষি সক্ষমতা যার স্বীকৃতি পরিসংখ্যানগতভাবে এখনও অনাদৃত সে নিয়ে রচনা করা যায় আরেক ভুগোল। কিন্তু কই যে মাটিতে চরণ ফেলি যে বাতাসে নিঃশ্বাস টানি যে জলে অবগাহন করি নিত্যদিন তাকে এড়িয়ে যাওয়া কেন? অক্ষমতা নাকি দায়বদ্ধতার ঘাটতি? আমি সমস্ত দায় স্বীকার করছি নিজ অক্ষমতার দীনতা কবুল করে। সেই মহাজনের অপেক্ষায় রইলাম যিনি বা যারা স্বদেশের অনুপম রতœখনি নিয়ে জ্বালিয়ে তুলবেন সাহিত্যের অনেক অনেক দীপশিখা। অনাগত সেই নায়কদের উদ্দেশ্যে এই অধমের সালাম। (চলবে)