- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিআরটিসির বাস কাউন্টারে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় বিআরটিসির বাস কাউন্টারে হামলা চালিয়ে সেখানে থাকা কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জ-সিলেট সড়কে গত ৩ জুন থেকে বিআরটিসির বাস সার্ভিস চালুর পর থেকে এর বিরোধিতা করে আসছে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের লোকজন।
এর জের ধরেই শুক্রবার বিকেলে বেসরকারি পরিবহনের শ্রমিকেরা বিআরটিসির কাউন্টারে গিয়ে হামলা চালান এবং সেখানে থাকা এক কর্মীকে মারধর করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।
সুনামগঞ্জ কাউন্টারে থাকা বিআরটিসির কর্মী সৈয়দ নুর উদ্দিন জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তিনি লোকজনকে বাসের টিকিট দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করেই বাস টার্মিনাল থেকে বেশ কয়েকজন শ্রমিক এসে কাউন্টারে থাকা চেয়ারগুলো এদিক-সেদিক ছুঁড়ে ফেলে দেন। এরপর তাকেও মারধর করা হয়। পরে তারা বিআরটিসির বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যান।
এর আগেও বিআরটিসির বাসে হামলার ঘটনা ঘটিয়েছেন বেসরকারি পরিবহনের শ্রমিকেরা। বাস মালিক ও শ্রমিকেরা সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট করেছেন। আবার অযৌক্তিক পরিবহন ধর্মঘটের বিরুদ্ধে সুনামগঞ্জ ও সিলেটে আন্দোলন করেছেন সাধারণ মানুষজন।
বিআরটিসির সিলেট ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, আমি বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি। এটি সরকারি প্রতিষ্ঠান। কিন্ত বারবার বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন ছয় ট্রিপ দেওয়া হয়। যে দিন যাত্রীদের চাপ বেশি থাকে সেদিন একটি বা দুটি ট্রিপ বাড়তি দেওয়া হয়। কিন্ত যাত্রীরা চান সুনামগঞ্জ-সিলেট সড়কে সারাদিন বিআরটিসির বাস চলুক।
বেসরকারি বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের জেলা মহাসচিব মোহাম্মদ জুয়েল মিয়া বলেছেন, বিআরটিসির বাস প্রতিদিন ছয় ট্রিপ দেওয়ার কথা। কিন্তু ট্রিপ দেওয়া হচ্ছিল বেশি। বিষয়টি শ্রমিকেরা জানতে সেখানে গিয়েছিলেন। এ সময় কিছু কথা কাটাকাটি হয়েছে। কোনো হামলা বা মারামারি হয়নি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. সহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। আমরা দুই পক্ষকে নিয়েই বিষয়টি দেখব।

  • [১]