স্টাফ রিপোর্টার
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ২০০৮ সালের নির্বাচনে বিএনপির মনোয়নে সুনামগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. রফিক চৌধুরী’র দলে দাপট কমে যাচ্ছে। এই সুযোগে দলে আসার চেষ্টা করছেন এই আসনের সাবেক সংসদ সদস্য ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থি হিসাবে পরিচিত নজির হোসেন। নজির হোসেন শুক্রবার এ প্রতিবেদককে বলেছেন,‘কেবল ম্যাডামের ডাকের অপেক্ষায় আছি’।
এক সময়ের সিপিবি নেতা সাবেক সংসদ সদস্য নজির হোসেন ১৯৯১ সালে নৌকা প্রতীক নিয়ে ৮ দলীয় জোটের প্রার্থী হিসাবে সংসদ সদস্য হয়েছিলেন। সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই ১৯৯৪ সালে সিপিবি ছেড়ে বিএনপিতে যোগদান করেন এই নেতা। ৯৬ সালের সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হয়ে পরাজিত হন তিনি। তবে ২০০১ এর জাতীয় নির্বাচনে আবার বিএনপির প্রার্থী হয়ে জয়লাভ করেন নজির হোসেন। পরে জেলা বিএনপির সভাপতিও হন তিনি। ২০০৭’এর ওয়ান ইলেভেনের সময় দলের সংস্কারপন্থি অংশের নেতা হিসাবে পরিচিতি পাওয়ায় দলে কোনঠাসা হয়ে পড়েন নজির হোসেন। দল থেকে তাকে বহিস্কারও করা হয়। ২০০৮’এর জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ ও ১ এই দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে খুবই কম ভোট পেয়ে পরাজিত হন তিনি।
এই নির্বাচনে এক সময়ের ড্যাব নেতা ডা. রফিক চৌধুরীকে এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয়। শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়লেও আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতনের কাছে পরাজিত হন ডা. রফিক। ঐ নির্বাচনের পর অনেকেই বলেছেন,‘নজির হোসেন কম ভোট পেলেও দলের প্রার্থী ডা. রফিক চৌধুরী’র পরাজয় হয়েছে তার বিরোধিতার কারণেই’। এরপর থেকে এই আসনে বিএনপি’র নেতা হিসাবে পরিচিতি পান ডা. রফিক চৌধুরী-ই। ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতিও হন তিনি। পরে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যও করা হয় তাকে।
অন্যদিকে, দক্ষ সংগঠক ও তাত্ত্বিক নেতা হিসাবে পরিচিত নজির হোসেন বিএনপি থেকে বহিস্কার হলেও হাল ছাড়েননি। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই গত কয়েক বছর কাটিয়েছেন। নির্বাচনী এলাকার বিএনপির অনেক নেতা-কর্মীদের সঙ্গেও নজির হোসেনের যোগাযোগ ছিল। বিগত উপজেলা পরিষদ নির্বাচন ও ইউপি নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সব কিছুতেই নজির হোসেন কলকাঠি নেড়েছেন বলে দলে আলোচনা রয়েছে।
২০১৪ সালের ১৬ এপ্রিল জেলা বিএনপি, ১১ উপজেলা, থানা ও পৌর বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে প্রথম সদস্য করে আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে যারা নেপথ্যে কাজ করেছেন, এদের মধ্যে নজির হোসেনও ছিলেন বলে বিএনপিতেই আলোচনা রয়েছে।
এই জেলা কমিটি গঠনের পর সুনামগঞ্জের ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর কমিটি গঠিত হয় স্থানীয়ভাবে ডা. রফিক চৌধুরী বলয়ের বিরোধীদের দিয়ে। পরে ডা. রফিক চৌধুরী এই তিন কমিটির বিরুদ্ধেই কেন্দ্রে লিখিত দেন। জেলা কমিটির বিরুদ্ধেও কেন্দ্রে অভিযোগ জানান ডা. রফিক। এসব কিছুই নজির হোসেনের পক্ষে ইতিবাচক হয়।
সম্প্রতি. দলের কেন্দ্রীয় কাউন্সিলে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. রফিক চৌধুরী সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হয়েছেন বলে প্রথম প্রচার হয়। পরে দলীয় প্রেসবিজ্ঞপ্তিতেই জানানো হয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসাবে যে রফিকুল ইসলামের নামোল্লেখ রয়েছে, তিনি শরিয়তপুরের দলীয় নেতা।
এমন অবস্থায় সুনামগঞ্জ-১ আসনে বিএনপি’র ভবিষ্যৎ কা-ারী কে? এ নিয়ে আলোচনা চলছে।
ডা. রফিক চৌধুরী বলেছেন,‘আমি ম্যাডামের (দলীয় চেয়ারপার্সন) সঙ্গে ২ বার দেখা করেছি, তিনি বলেছেন অপেক্ষা করুন’।
ডা. রফিকের মতে কেন্দ্রে যারা দলের কমিটি করেছেন, তারা দলীয় চেয়ারপার্সনকে সঠিক তথ্য দিতে পারেননি। দলীয় নির্দেশনা ছিল যারা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল, তারা সদস্য থাকবে। প্রমোশন হলে উপরের পদে যাবে। তাঁর ক্ষেত্রেও সেটাই হবার কথা। তিনি বলেন,‘আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ অবদান ছিল আমার। দলীয় চেয়ারপার্সন অবশ্যই সেটা মূল্যায়ন করবেন’। নজির হোসেনের দলে যোগদানের বিষয়ে তিনি বলেন,‘আগে তার (নজির হোসেনের) বহিস্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এরপর দলে আসার প্রশ্ন’।
সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন,‘দলীয় মহাসচিব থেকে শুরু করে সকলের সঙ্গেই আমার যোগযোগ রয়েছে। নির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী করে আনতে ভালো প্রার্থী লাগবে, সেই বিবেচনায় আমাকেই দলীয় নেতৃবৃন্দ প্রাধান্য দেবেন বলেই বিশ্বাস আমার। আমি কেবল ম্যাডামের ডাকের অপেক্ষায় আছি, ম্যাডাম ডাকলেই দলে সক্রিয় হবো আমি’।