সু.খবর ডেস্ক
আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে এ বি এম খায়রুল হককে অপসারণ ও গ্রেপ্তার, নিম্ন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট প্রকাশের দাবি এবং সুপ্রিম কোর্টকে হেয় প্রতিপন্ন করে সরকারের মন্ত্রীদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন।
কর্মসূচি অনুযায়ী, আগামী রবি, বুধ ও বৃহস্পতিবার সারা দেশের আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ দেখাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ
কর্মসূচির ঘোষণা দেন মহাসচিব ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন।
এ সময় সেখানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আজম খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্য ‘চরম ঔদ্বত্যপূর্ণ’।
খাদ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তার এই বক্তব্য স্বাধীন বিচার বিভাগের প্রতি হুমকি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধান বিচারপতির অপসারণ দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘স্বেচ্ছায় চলে না গেলে সেপ্টেম্বর মাস থেকে আইনজীবীরা প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। বিএনপির সঙ্গে বন্ধুত্ব ও একই সুরে কথা বলে এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে আঁতাত করে বেশিদিন তিনি এই মসনদে থাকতে পারবেন না।’
খাদ্যমন্ত্রীর এই বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, ‘যিনি পঁচা গমের বেসাতি করেন তিনি প্রধান বিচারপতিকে চলে যাওয়ার উপদেশ দিচ্ছেন।’
খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি তো সর্বোচ্চ আদালতে দোষী ও দন্ডিত অপরাধী। আপনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে এখনো মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন।’
কর্মসূচি ঘোষণা করে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, প্রত্যেক জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের এই কর্মসূচি পালন করতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, যারা আইনের শাসনে বিশ্বাসী, সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাস করেন তারা এই কর্মসূচিতে অংশ নেবেন।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সমালোচনা করে খোকন বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে বলেছেন, বিচারপতিদের অবসরে যাওয়ার পরে কোনো সরকারি দায়িত্ব নেওয়া উচিত নয়। অথচ সাবেক এই প্রধান বিচারপতি নিজেই নিজের রায় ভঙ্গ করে আজকে আইন কমিশনের চেয়ারম্যান হয়েছেন।’
তিনি বলেন, ‘সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী যেসব সাংবিধানিক পদ আছে সেগুলোর শপথের কথা বলা আছে। সেখানে আইন কমিশনের চেয়ারম্যানের শপথের কোনো বিধান নেই। চেয়ারম্যান প্রজাতন্ত্রের একজন কর্মচারী মাত্র। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তার বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। কোড অব কনডাক্ট অনুযায়ী আইন কমিশনের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করতে পারেন না, তিনি চাকরির শর্ত ভঙ্গ করেছেন। রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্টকেই বিতর্কিত ও হেয় করেছেন। এ কারণে তাকে অপসারণের পাশাপাশি গ্রেফতার দাবি করা হয়েছে। এভাবে বক্তব্য রেখে মন্ত্রীরাও শপথ ভঙ্গ করেছেন। তাদের এই পদে থাকার কোনো অধিকার নেই। সেজন্য তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’