স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মানান এমপি বলেছেন, আমরা ব্রিটিশ বেনিয়া নই, এক দফা দিয়ে আমাদের তাড়িয়ে দেবেন। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি। যতদিন জনগণ চাইবে ততদিন আমরা মানুষের কাজ করবো। বিএনপির একদফা হাস্যকর, অহেতুক কথা বার্তা। তারা অহেতুক কিছু কথা বার্তা বলে দেশের মানুষের শান্তি নষ্ট করতে চায়। আমরা বিএনপির কথায় কান না দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আওয়ামীলীগ দেশ স্বাধীন করেছে। আওয়ামীলীগ দেশের মানুষের ভোটে বিজয়ী হয়ে দেশ শাসন করছে। দেশের মানুষ জানে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, তা আর কোন সরকারের সময়কালে হয় নি।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়া প্রমুখ।
হাসপাতাল উদ্বোধনের পর মন্ত্রী বলেন, বর্তমান সরকার অবহেলিত এলাকার মানুষের যে উন্নয়ন করতে চায়, এই হাসপাতাল চালু করার মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়। তিনি বলেন দলাদলি রেষারেষি না হলে আরও আগে হয়তো এটি চালু হতো।
২০০৬ সালে দিরাইয়ের জগদল বাজারের পাশে ২০ শয্যার একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এরপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে হাসপাতালের জন্য জমি অধিগ্রহণ, পাঁচটি পাকা ভবন, পাম্প হাউস, গ্যারেজ, সীমানাপ্রাচীর নির্মাণ করা হয়। ২০১৩ সালের ২৩ অক্টোবর এটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) সাংসদ তৎকালীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও প্রধানমন্ত্রীর তৎকালীন উপদেষ্টা চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী। কিন্তু এটি আর চালু হয়নি।
উদ্বোধনের প্রায় ৮ বছর পর শনিবার থেকে এই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ায় খুশি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ।
হাসপাতাল উদ্বোধন করার পর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন মন্ত্রী।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নানু মিয়ার সভাপতিত্বে ও দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা পরিযদ চেয়ারম্যান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রল হুদা চপল, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা শামীম চৌধুরী, অ্যাড. আব্দুল করিম, অমল কর, জেলা ছাত্রলীগের সভাপতি দীপকর কান্তি দে প্রমুখ।
হাসপাতাল উদ্বোধনের আগে দিরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে যোগ দেন।