- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিএনপির প্রার্থী বাছাই জামালগঞ্জে চাঁদা দাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থী বাছাইয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরাজির বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার বেহেলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন রুবেল বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিতভাবে এই অভিযোগ করেছেন।
ইমরান হোসেন রুবেল লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি উপজেলা বিএনপির একাংশের নেতা রফিকুল বারী রফিকের কাছ থেকে বেহেলী ইউনিয়ন পরিষদের দলীয় ফরম সংগ্রহ করেন। পরে পূরণকৃত ফরম জমা দিতে গেলে এই গ্রুপের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরাজি দলীয় নেতা রফিকুল বারী রফিকের কথা বলে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ফরম গ্রহণ করা হয় নি। এছাড়া অভিযোগ করা হয় যারা বেহেলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মী নয় তাদের দিয়ে প্রার্থী বাছাইয়ে ভোট প্রদান করানো হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে জামালগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ফরাজি বলেন,‘ প্রার্থী বাছাই ও দলীয় ফরম জমা নেয়ার সময় টাকা আদায়ের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। ইমরান হোসেন রুবেল দলীয় ফরম নিয়েছিলেন এটা ঠিক, কিন্তু এর পর তিনি আর কারো সাথেই যোগাযোগ করেন নি। এমনকি ফরমের টাকাই দেননি তিনি।’   

  • [১]