বিশেষ প্রতিনিধি
নির্বাচনে বিএনপি অংশ নেবে না ঘোষণা দিলেও সুনামগঞ্জে দলের দায়িত্বশীলরা অংশ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জেলার বিএনপি দলীয় ৩২৮ জনপ্রতিনিধিই ভোট দিয়েছেন। অর্থাৎ সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিএনপি সক্রিয় ছিল।
জেলা বিএনপি’র দায়িত্বশীল নেতারা জেলা পরিষদ নির্বাচনের আগে জেলার ৮৭ ইউনিয়ন, ১১ উপজেলা ও ৪ পৌরসভায় ১২১৫ জন ভোটারের মধ্যে ৩২৮ জন জনপ্রতিনিধি বিএনপি সমর্থিত রয়েছেন বলে দাবি করেছিলেন। নেতাদের দাবী ছিল এই নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ এজন্য বিএনপি অংশ নেয়নি। কিন্তু বাস্তবে সুনামগঞ্জ জেলায় বিএনপি’র দুইজন দায়িত্বশীল নেতা সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। একজন ২ ভোট এবং অপর জন ৩ ভোটে হেরেছেন। এরা হলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জুনাব আলী। তিনি ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে মাত্র ২ ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের কাছে হেরেছেন। অপর প্রার্থী ১০ নম্বর ওয়ার্ডের সুহেল মিয়া।
এই প্রার্থী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি মাত্র ৩ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের মাহতাবউল হাসান সবুজের কাছে হেরেছেন।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির একজন সদস্য বললেন, ‘সুনামগঞ্জে বিএনপি’র বেশিরভাগ নেতা-কর্মী নির্বাচনী রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রচারণায়ও ছিলেন বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিরা। কিন্তু বিএনপি’র বিজয়ী হবার মতো সদস্য প্রার্থীদের খুব একটা সহযোগিতা করেননি দলের দায়িত্বশীলরা। প্রতিনিধিরা সকলেই ছিলেন নিজ নিজ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় ব্যস্ত। না হয় অন্তত ১৫ জন সদস্যের মধ্যে ২-৩ জন সদস্য বিএনপির নির্বাচিত হতো’।
বিএনপি’র কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন,‘‘জনগণের সরাসরি ভোটে নির্বাচন না হওয়ায় এটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল। বিএনপির যারা নির্বাচনে বা প্রচারণায় অংশ নিয়েছেন তারা দলীয়ভাবে নয়, ব্যক্তিগত পরিচয়ে করেছেন। ‘অনির্বাচিত’ সরকার তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সাংবিধানিক পন্থার বাইরে এই নির্বাচনের আয়োজন করেছিল, তাতে বিএনপি’র কেউ নিজস্ব পরিচয়ে অংশ নিলেও তাকে সহযোগিতা করতে দায়িত্বশীল কারও যাবারও সুযোগ ছিল না’।