সু.খবর ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি তো কান্নার দল নয়; তারা জাতিকে বারবার কাঁদিয়েছে। হত্যাকারীদের চোখে অশ্রু মানায় না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, বিএনপি তো কান্নার দল নয়, বিএনপি জাতির ওপর বারবার আঘাত করে কাঁদিয়েছে। ১৯৭৫ সালে জাতির জনককে হত্যার মধ্যে দিয়ে এ জাতিকে কাঁদিয়েছিল দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। শেখ হাসিনার ওপর ১৯ বার হামলা করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে দেশের মানুষকে কাঁদিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের মানুষকে আবারও কাঁদায় দলটি। তারা হত্যাকারীর দল। এই হত্যাকারীদের দলের চোখে অশ্রু মানায় না।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ বলেন, ২০০১ সালে আপনাদের দল যখন ক্ষমতায় এসেছিল, আপনি মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু তখন যে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছিল আপনার দল, সে সময় আপনার আবেগ-অনুভূতি কোথায় ছিল? এখন আপনার দলের একজন সন্ত্রাসী ঢাকায় রিকশা চালাচ্ছে দেখে আপনি কান্না করছেন। আপনাদের আমলে তো আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মী মানবেতর জীবন যাপন করেছিলেন। সে সময় তো তাদের জন্য আপনার অনুভূতি আসেনি। আপনার মনে তখন আনন্দ ছিল। তাই আপনার দল এ দেশে কান্না করেনি কখনো, দেশের মানুষকে কাঁদিয়েছে সব সময়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী প্রমুখ।