- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিক্ষুব্ধ অংশের পৃথক বলয় গঠনের চেষ্টা

স্টাফ রিপোর্টার
জেলা বিএনপি’র কার্যক্রম আরো গতিশীল করতে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় সুনামগঞ্জে আসছেন। আগামী শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে তাঁর উপস্থিতিতে বর্ধিত সভা হবে। এই সভায় জেলা বিএনপি’র সকল বলয়ের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন। জেলা বিএনপির কমিটি গঠনের পর (প্রায় ৭ মাস পর) এটিই প্রথম বর্ধিত সভা। কমিটি গঠনের পর সংগঠনের যে অংশটিকে দলীয় কার্যক্রমে দেখা যায়নি তাঁরাও ঐ সভায় থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় আসার আগেই বিক্ষুব্ধ অংশটি পৃথক বলয় গঠনের চেষ্টা করছে।
গত ২৫ মে সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন ও নুরুল ইসলাম নুরুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ৫১ সদস্যের কমিটি গঠন হয়। এই  কমিটি গঠনের পর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে জেলা কমিটির কোন কার্যক্রমে দেখা যায়নি। একইভাবে জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ, আবুল মুনসুর শওকত, যুগ্মসম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লা আল নোমানকেও জেলা বিএনপির কোন কর্মসূচিতে দেখা যায়নি।
বিক্ষুব্ধ নেতারা গত শুক্রবার কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানিয়ে এসেছেন।
জেলা বিএনপির সহ-সভাপতি নাদীর আহমদ বলেন,‘সংগঠনে শৃঙ্খলা রক্ষাসহ নানা ঘটনায় বা ইস্যুতে মেরুকরণ হয়। আমরাও আলোচনা করছি কথা বলছি সংগঠনকে শক্তিশালী করার জন্য।’
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেন,‘আমি এখন দিরাইয়ে থাকি, সব সময় আসা যাওয়া সম্ভব হয় না। নতুন কমিটি গঠনে    
কেউ বিক্ষুব্ধ নয়। গয়েশ্বর চন্দ্র রায় আসছেন, বর্ধিত সভা ডাকা হয়েছে, এই কর্মসূচিতে যাবো।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন,‘সুনামগঞ্জ জেলা বিএনপিতে কোন বলয় নেই, বিরোধ নেই। ২-৩ জন নেতা বিভ্রান্তি ছড়ান। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে ২-৩ দিন হয় প্রচার করা হচ্ছে আমি প্রার্থীতা ঘোষণা দিয়েছি। এটিও ঠিক নয়। আমি কাউকে এমন কথা বলিনি।’

  • [১]