স্টাফ রিপোর্টার
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে বিজিবি’র সুনামগঞ্জ ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের আয়োজেন জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ২৮ বিজিবি’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন আশিকুর রহমান শৃঙ্খলিত এই বাহিনীর শুরু থেকে এই পর্যন্ত নানা বীরত্বগাঁথা তুলে ধরেন।
এসময় উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেল্স। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ এ বাহিনীর ৮১৭ জন অকুতোভয় সদস্য মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ
করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করার কথাও উল্লেখ করা হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উপস্থিত সকলের পক্ষ থেকে বিজিবি’র কর্মকর্তাসহ সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে সকলকে অভ্যর্থনা জানান, বিজিবি’র ২৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ প্রমুখ।