- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজিবি সদস্যদের বিরুদ্ধে যুবককে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির সদস্যদের বিরুদ্ধে স্থানীয় এক যুবককে হাতকড়া পড়িয়ে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার বিকালে মাছিমপুর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম সোহেল মিয়া (২৮), তিনি ধনপুর ইউনিয়নের শরীফগঞ্জ গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে। সোহেল মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার রাত ৮ টায় নির্যাতিত সোহেল মিয়াকে ছেড়ে দেয়া হয়। তবে তার কাছ থেকে লিখিত রাখা হয়। লিখিত     কাগজে উল্লেখ করা হয়, সোহেল মিয়াকে কোন ধরনের মারধর করা হয়নি। কাগজে লিখিত রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ধনপুর ইউপি চেয়ারম্যান রকিফুল ইসলাম তালুকদার।  
তবে সোহেল মিয়াকে মারধরের অভিযোগ অস্বীকার করে বিজিবির মাছিমপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া বলেছেন, সোহেল মিয়াকে কেউ হাতকড়া পড়ায়নি এবং মারধর করা হয়নি। কথা কাটাকাটি হয়েছিল, ভুল বুঝাবুঝির কারণে তাকে ক্যাম্পে আনা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিশ্বম্ভরপুরের ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারে হাটবার ছিল। তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ছড়ারপার গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রবিউল আওয়াল ৪টি, জাঙ্গালপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ১ টি ও একই গ্রামের মীর হোসেনের ছেলে আরজু মিয়া ১টিসহ মোট ৬টি গরু নিয়ে বুধবার বিকালে হাটে এসেছিলেন বেচতে। গরুগুলো নিয়ে চিনাকান্দি বাজারে আসার পথে মাছিমপুর বিওপির বিজিবির সদস্যরা ভারতীয় গরু সন্দেহ করে আটক করে। কিন্তু গরুর মালিকরা গরুগুলো তাদের ঘরের বলে দাবি করেন। কিন্তু বিজিবির সদস্য তা বিশ্বাস করতে রাজী হননি। এসময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া শরীফগঞ্জ গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে সোহেল মিয়াও বিজিবির সদস্যদের বলেন, ‘গরুর মালিকরা দাবি করছেন এই গরুগুলো তাদের ঘরের। তরপরও কেন আটক করছেন। এনিয়ে বিজিবির সদ্যসের সাথে সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়।’ এসময় বিজিবির সদস্যরা উত্তেজিত হয়ে সোহেল মিয়াকে কাতকড়া পড়িয়ে ক্যাম্পের ভেতর নিয়ে যায়। পরে তাকে বেদম মারধর করা হয়।
খরর পেয়ে স্থানীয় লোকজন বিজিবির সদস্যদের কাছে সোহেল মিয়াকে মারধর ও নিজেদের ঘরের গরু কেন আটক করা হয়েছে জানতে চান। পরে ছড়ারপাড় গ্রাম এলাকার বাসিন্দা বাদাঘাট ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য মোস্তফা মিয়া জানান গরুগুলো তাদের নিজের ঘরের। এদিকে বিষয়টি মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের জানান স্থানীয় লোকজন।
ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘বাদাঘাট ইউনিয়নের ছাড়ারপার ও জাঙ্গালপাড়া গ্রামের গৃহস্তরা নিজেদের গরু বেচতে চিনাকান্দি বাজারে আসছিলেন। পথে বিজিবির লোকজন ওই গরুগুলোকে ভারতীয় সন্দেহ করে আটক করে। এসময় সোহেল মিয়া নিজেদের গরু কেন আটক করা হয়েছে এসব কথা বললে বিজিবির লোকজন তাকে হাতকড়া পড়িয়ে আটক করে ক্যাম্পে নিয়ে বেদম মারধর করেন। পরে আমাদের উপস্থিতিতে আটককৃত গরুগুলো ও সোহেল মিয়াকে ছেড়ে দেয়া হয়েছে। সোহেলকে আটক করার ঘটনায় বিজিবির সদস্যরা দুঃখ প্রকাশ করেছেন।’
বিজিবির মাছিমপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘ওই গরুগুলো ভারতীয় এই সংবাদ পেয়ে আটক করা হয়েছিল। স্থানীয় দুইজন ইউপি সদস্য ও ধনপুর ইউপি চেয়ারম্যান জানিয়েছেন গরুগুলো নিজেদের ঘরের। পুরো বিষয়টি আমাদের সিইও স্যারকে অবগত করা হয়েছে। তিনি বলেছেন, ‘মেম্বার-চেয়ারম্যানের সাথে কথা বলে গরুগুলো যদি প্রকৃত মালিকদের ঘরের জানা যায় তাহলে ছেড়ে দিতে। আমরা উপযুক্ত প্রমাণ পাওয়ার পর আটককৃত গরুগুলো ফেরত দিয়েছি।’
সোহেল মিয়াকে কেন হাতকড়া পড়িয়ে আটক ও বেদম মারধর করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘সোহেল মিয়াকে আমরা আটক করিনি। তার সাথে কথা কাটাকাটি হয়েছে, কোন ধরনের মারধর করা হয়নি। সে ভুল কথা বলেছিল। বিষয়টির সমাধান হয়ে গেছে।’

  • [১]