- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজ্ঞান মেলার সমাপ্তি

স্টাফ রিপোর্টার
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের এই.এম.পি উচ্চ বিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দুই দিনব্যাপী অনুষ্ঠিত মেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। বক্তব্যে তিনি বলেন,‘শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার সুযোগ করে দিতে হবে। তাহলেই ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থ ও একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এস.সি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাবাসসুম। আলোচনা সভা শেষে প্রদর্শিত প্রকল্পের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ইয়াকুবিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়, আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনগর হোসেনিয়া উচ্চ বিদ্যালয়, শান্তিগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, জয়নগর বাজার হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়সহ ১৭টি স্টল ও ২টি ক্লাব অংশ নেয়।

  • [১]