ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস। পাশাপাশি স্বজনহারা বেদনার মাস। স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করতে গিয়ে বিশ্বের কোনো জাতিকে এত রক্ত দিতে হয়নি, এত বুদ্ধিজীবীদের জীবন উৎসর্গ করতে হয়নি। ‘৭১-এর ১৬ ডিসেম্বর সদ্য বিজয়ী অথচ শোকাহত জাতি উদ্ধার করে শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ। যদিও অনেকের মৃতদেহ আজও উদ্ধার করা সম্ভব হয়নি। শহীদ বুদ্ধিজীবীসহ আত্মদানকারী শহীদদের কাছে ঋণী দেশ ও জাতির গৌরবদীপ্ত বিজয় অর্জনের জন্য। ‘৭১-এ সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশ ও জাতিকে পরিচালনা, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি সুদৃঢ়করণ, সর্বোপরি জাতির সঠিক নেতৃত্ব প্রদানের জন্য বুদ্ধিজীবীদের ভূমিকা অপরিহার্য ছিল, যা একাত্তরের নরঘাতক তথা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যথার্থই উপলব্ধি করেছিল। তাই তারা আমাদের বিজয় অর্জনের দ্বারপ্রান্তে এসে তাদের নীলনকশা অনুসারে প্রগতিশীল বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করা অত্যাবশ্যক মনে করেছিল। ঘাতকরা সামান্যতম ছাড় দেয়নি বা কার্পণ্য করেনি তাদের দুরভিসন্ধি বাস্তবায়নে।
বাঙালি জাতির কষ্টার্জিত বিজয় ছিনিয়ে আনতে বহু বীর মুক্তিযোদ্ধা যারা আত্মত্যাগ করেছেন তাদের বীরত্বগাথা স্মরণীয় করে রাখার লক্ষ্যে তাদের নামে বিজয়স্তম্ভ বা স্মৃতিস্তম্ভ নির্মাণ অপরিহার্য। যা থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধে আত্মদানকারী অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা থেকে শিক্ষা লাভ করে অনুপ্রাণিত হয়ে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হবে। এভাবে বর্তমান শতাব্দী থেকে আগামী শতাব্দীর মানুষ তথা প্রজন্ম থেকে প্রজন্ম বংশপরম্পরায় বাঙালি জাতির গৌরবগাথা-বিজয়গাথা সম্পর্কে অবহিত হবে। একটি জাতি তার ইতিহাস থেকেই শিক্ষা লাভ করে এবং জাতির গৌরবদীপ্ত ইতিহাস সে জাতির অহঙ্কার। সেই বিজয়ের ইতিহাসের পথ ধরেই জাতি অগ্রসর হবে, অজানা-অচেনাকে জয় করবে। বিজয়ের অবিস্মরণীয় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ন্যায়ের পথে অন্যায়-অত্যাচার-অনাচারের বিরুদ্ধে সোচ্চার হবে, প্রতিবাদী হতে শিক্ষা নিয়ে জাতি যথাযথ ভূমিকা রাখবে। নিপীড়িত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে জাতি আত্মনিয়োগ করবে, সর্বোপরি চরম ক্রান্তিলগ্নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে।
মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে আমাদের নৈতিক দায়িত্ব হোক বর্তমান ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিজয়গাথা-গৌরবগাথা অবহিত করে সমগ্র বাঙালি জাতিকে মুক্তিসংগ্রাম ও ’৭১-এর বিজয়ের চেতনার সঙ্গে একাত্ম করার। আজ প্রয়োজন সরকার তথা রাষ্ট্র নিয়ন্ত্রিত ইতিহাস চর্চার যথাযথ ব্যবস্থাপনা। বিজয় ও স্মৃতিস্তম্ভের পাশাপাশি প্রয়োজন স্বাধীনতাবিরোধীদের অপকর্মের ধিক্কার জানাতে ঘৃণাস্তম্ভ সৃষ্টির। দেশব্যাপী মুক্তিযুদ্ধের মহান বিজয়ের জয়গান হোক, ক্ষুধা-দারিদ্র্য-অনাচার-সন্ত্রাসমুক্ত-অসাম্প্রদায়িক-শোষণহীন জাতি হিসেবে বাঙালি বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াক। বিজয়ের মাসের অঙ্গীকার হোক মুক্তিযুদ্ধবিরোধী একাত্তরের নরঘাতক, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার দাবিতে জাতিকে ঐক্যবদ্ধ রাখার। বিজয়ের মাসের অঙ্গীকার হোক, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদের রক্তঋণ পরিশোধ এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন তথা শোষণহীন সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে ইস্পাত কঠিন শপথ গ্রহণের।