- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিজয়ের পথে সে হাঁটে

ডাঃ মুরশেদ আলম
অনন্তকাল ধরে বিজয়ের পথে সে হাঁটে
টেকনাফ থেকে তেতুলিয়ায়, মুক্তির পথে সে হাঁটে
পিতার বীজমন্ত্রের খোঁজে বিজয় পতাকা হাতে-
সে পথ হাঁটে।
উদর পূর্ণ ঢেকুর তোলে তুমি ঘুমাও
উর্বশীর পাশে,
শূন্য পাকস্থলীর তিক্ত ঢেকুর তোলে
দীক্ষার পথে সে হাঁটে।
পিতার বীজমন্ত্রের খোঁজে সে পথ হাঁটে।
বঞ্চনার ক্ষোভে ফোঁসে ওঠে চিত্ত
নিষপিষ হাত চলে যায় অস্ত্রের বাটে।
জলসা ঘরের রঙিন পানে রতিসুখ তোমার
খোয়ানু তুমি; প্রাচুর্য আর ভোগের আড়তে,
বন্ধ নাসারন্ধ্র তোমার, পায়না লাশের গন্ধ
ভাসেনা সে দৃশ্য, সম্ভ্রম হারা বে-আবরু
বোনের দেহ; একদিন ভেসেছিল যমুনার ঘাটে,
পিতার বীজমন্ত্রের খোঁজে সে পথ হাঁটে।
তুমি দ্রোহী, বীর মুক্তিযোদ্ধা তুমি,
বজ্রকণ্ঠ পিতার অঙ্গুলি নির্দেশে
বলিষ্ঠ হাতে শত্রু নিধনে মত্ত তুমি,
পিতার বজ্রমুষ্ঠির মত দৃঢ় প্রতিজ্ঞ তুমি
শত্রুর কোন শেকড় রবে না আর এই দেশে
পিতার বীজ মন্ত্রের অগ্নি আকাশে ভাসে।
মন্ত্রমুগ্ধ আমি, আমার প্রতিজ্ঞা
পিতার কন্ঠে বীজমন্ত্র শোনা,
আমি গর্বিত আমি উল্লসিত, শোনে
তোমার বীরত্বগাঁথা,
তোমার একমাত্র জীবন উৎসর্গ করলে
আমাদের মুক্তির প্রয়োজনে।
তোমার দৃষ্টি ঝাপসা, শত্রুর বুলেটের বিষাক্ত
উপাদানে দেহ ন্যুহ্য, গতি মন্থর
তাতে কি, আমি প্রজন্ম তোমার পাশে-
আমার কাঁধে ভর দাও, আমার শক্ত হাত ধর
দ্যাখো- স্বাধীন মানচিত্রের পথে-
পিতার বীজমন্ত্র বুকে, সহ¯্র-অজ¯্র মুক্তিযোদ্ধা
হাঁটে, লক্ষকোটি প্রজন্ম হাঁটে, আর
রুদ্র রাজটিকা জ্বলে অকুতোভয় পিতার ললাটে।
হে-বিজয়ী মুক্তিসেনা তোমাদের প্রতি অভিবাদন
ত্যাগের মহিমায় তোমরা অমৃত, তোমরা অমর
তোমাদের বিজয় পদচিহ্ন রবে অম্লান, নিরন্তর-
আমাদের চেতনায়, মাতৃভূমিতে; হরিকেল থেকে
সমতটে।
পিতার লক্ষ্য পূরণে একই শেকড়ের পথে
ক্লান্তিহীন আমি হাঁটি-, তুমি হাঁটো-, যোদ্ধারা
হাঁটে-, লক্ষকোটি প্রজন্ম হাঁটে,
সবাই হাঁটে, কেবল- হাঁটে আর- অবিরাম- হাঁটে !!!

  • [১]