আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এরমধ্যেই ইউনিয়নের সব ক’টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার সম্মেলন সফল করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
তবে কোন বির্তকিত নেতাদের নেতৃত্ব চান না তৃণমূল নেতাকর্মীরা। তাঁরা দলের ত্যাগী ও যোগ্য নেতাদের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। দলীয় নেতাকর্মীরা জানান, ২০১৪ সালে ১৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বদরুল আলমকে সভাপতি ও দ্বীপক কান্তি দে দিপালকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদিত হয়। বছরখানেক পর সভাপতি বদরুল আলম স্থায়ীভাবে বসবাসের জন্য আমেরিকা চলে যান। এর পর থেকে দলের সহসভাপতি ফখরুল হোসেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দলের প্রভাব বিস্তার করে নিজ বাড়িতে সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপন। সরকারি ওএমএস’র চালের ডিলার হওয়ার কারণে চাল কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন। তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এবারও তিনি দলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ।
আগামী ৩ ডিসেম্বর কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। প্রায় প্রতিদিনই উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসা যাওয়া করছেন নেতাকর্মীরা। প্রচারণার পাশাপাশি চলছে জোর লবিং।
এবার সভাপতি পদে ৫ জনের নাম শুনা যাচ্ছে। তারা হলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সহসভাপতি নুরুল হক ও সালেক মিয়া। সাধারণ সম্পাদক পদে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলাল হোসেন রানার নাম রয়েছে আলোচনায়।
সভাপতি পদে প্রার্থী কুতুব উদ্দিন বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি হলে যোগ্যতা প্রাধান্য পায়। আমরা বিতর্কিত নেতৃত্ব চাই না। সভাপতি পদে আমিও একজন প্রার্থী। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন জানান, সম্মেলন সফল করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি বলেন, তার বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার করছে। তিনি বলেন, দল আমাকে চাইলে এবার ভারমুক্ত হতে চাই।