- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদায় ২০১৬

আজকের সূর্যোদয়টি একটি বছরের শেষ সূর্যোদয়। আজকের সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিবে ২০১৬ ক্রমিকধারী ইংরেজি বছরটি। ঘটনা-দুর্ঘটনা, আনন্দ-বিষাদ, আশা-হতাশা সবকিছু মিলিয়েই সারা বিশ্ববাসী এই বছরটি কাটিয়েছেন। আজকের সূর্যাস্তের পরে ২০১৭ সনের প্রথম সূর্যোদয় থেকে সকলেই চাইবেন নতুন বছরটি যেন পেছনের অন্ধকার, হতাশা আর যাবতীয় বিষাদ দূরে ঠেলে আশার প্রদীপ নিয়ে জ্বলে থাকে অহর্নিশি। কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না, এমন ধ্রুব বাস্তবতার মাঝেও আশার নদী সর্বদাই প্রবাহিত থাকতে চায়। কালের ¯্রােতে এরকম বিভিন্ন আঙ্গিকের নানা বছর আসে যায়, মহাকাল হয়তো তার হিসাবই রাখে না। কিন্তু আমরা মানুষ এর হিসাব রাখি। ব্যক্তিগত ও সামাজিক জীবনে বছরের সালতামামি করি। নতুন বছরের পরিকল্পনা সাজাই। বিশেষ করে ইংরেজি বছর আমাদের সকলের প্রাত্যহিক জীবনের সাথে অবিচ্ছেদ্য একটি সময়পুঞ্জি।
বিদায়ী বছরটি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিশেষ গুরুত্ব বহন করবে। এই বছরের বহু ঘটনা সামনের দিনগুলোকে নানাভাবে প্রভাবিত করবে বহু দিন। ২০১৬ সনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প নতুন বছরের শুরুতেই মার্কিন মুলুকের দ-মু-ের দায়িত্ব নিবেন। এই এক ব্যক্তিকে নিয়ে সারা বিশ্বে কত আলোচনা কত উৎকণ্ঠা। দেখা যাক বছর বিদায়ের সাথে এই উৎকণ্ঠা দূর হয় কিনা। ২০১৬ সনে বিদায় নিলেন বিশ্ব সমাজতান্ত্রিক বিপ্লবের অন্যতম এক পুরোধা ফিদেল ক্যাস্ত্রো। তাঁর বিদায়ের মাধ্যমে আবারও সকলের সামনে ব্যক্তি মানুষের জীবনে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার অপরিহার্যতার প্রাসঙ্গিকতা আবারও সকলের সামনে আলোচনায় এসেছে। ২০১৬ সনে বিশ্বব্যাপী ঘটেছে বহু বিমান দুর্ঘটনা। রাশিয়ার সামরিক বিমান, ইন্দোনেশিয়ার পরিবহণ বিমান, পাকিস্তান এয়ারলাইন্সের বিমান, ব্রাজিলের ফুটবলারবাহী বিমান, এমিরেট জেটলাইনের বিমান, কেনিয়ার সানবার্ড এভিয়েশনের বিমান, ফ্লাই দুবাইর বিমান, নেপাল এয়ারলাইনের বিমান দুর্ঘটনায় এবছর মৃত্যুবরণ করেছেন শত শত সামরিক-বেসামরিক ব্যক্তি। বিদায়ী বছরেই দুই দুইবার আমাদের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিদায়ী বছরটিতে রোহিঙ্গা শরণার্থীর ঢল নামে বাংলাদেশে। মায়ানমারের সেনাবাহিনী ও ধর্মীয় উগ্রবাদীদের হামলার শিকার আরাকান রাজ্যের নীরিহ মুসলমান শরণার্থীরা জীবন বাঁচাতে আশ্রয় নিতে ছুটে আসেন বাংলাদেশ অংশে। এই ¯্রােত এখনও বহমান। জাতীয় অঙ্গনে ধর্মীয় জঙ্গীগোষ্ঠী ভয়াবহ হামলা পরিচালনা করে হলি আর্টিজান ট্র্যাজেডি তৈরি করে এ বছরই যাতে বহু বিদেশী নিহত হয়েছিলেন। এর অল্পপরেই ঈদের দিনে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আবারও হামলা করার ব্যর্থ চেষ্টা চালানো হয়। এরপর দেশের অভ্যন্তরে জঙ্গী নির্মূল অভিযান বিশেষভাবে শক্তিশালী করা হয় যার ফলাফল মিলেছে হাতেনাতে। হলি আর্টিজান ও শোলাকিয়া হামলার পর এ বছর নিয়মিতই ছোট-বড় আকারের জঙ্গি আস্তানা ও জঙ্গিগোষ্ঠী ধৃত ও নির্মূল হতে থাকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে। এই প্রক্রিয়া নতুন বছরেও অব্যাহত থাকবে।
আশা জাগানিয়া খবরাখবরের মধ্যে ক্রীড়াঙ্গন ছিল শীর্ষে। ক্রিকেট, এসএ গেমস ও নারী ফুটবলাররা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক উঁচুস্থানে নিয়ে গেছে। এই বছরে দেশের প্রশাসনিক কাজে তথ্যপ্রযুক্তির বিস্তার বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এই বছরে পরিকল্পনা গৃহিত হয়েছে বহু উন্নয়ন প্রকল্পের। সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, রেললাইন সম্প্রসারণ, ধারারগাঁওয়ে সুরমা সেতু, হাওরে ফ্লাইওভার নির্মাণ এমনসব যুগান্তকারী উন্নয়ন কাজের আলোচনা সামনে এসেছে। এবছর শুরু হয়েছে কুশিয়ারা সেতুর নির্মাণ কাজের প্রক্রিয়া।
সবকিছু মিলিয়ে আমরা ২০১৬ সনের যে ৩৬৫ টি দিন কাটালাম তার দুঃখের স্মৃতিগুলো ভুলে আনন্দের দিনগুলোকে আমরা সঞ্চয়ের ঝাঁপিতে রেখে বিদায় জানাই বছরটিকে এবং একই সাথে স্বাগত জানাই নতুন বছর ২০১৭ খ্রিস্টাব্দকে।   

  • [১]