লন্ডন প্রতিনিধি
গত সোমবার থেকে বিদেশ ফেরত সকল ব্রিটিশ নাগরিক ও লাল তালিকাভূক্ত ৩৩টি দেশের ভ্রমণকারীদের জন্যে ব্রিটেনে দশ দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। বিধি ভঙ্গ করলে দশ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে। প্রত্যেককে সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
হেল্থ সেক্রেটারী ম্যাট হ্যানকক ঘোষণা করেছেন, ইংল্যান্ডের কোয়ারেন্টাইন হোটেলে পর্যটকদের থাকার জন্য ১,৭৫০ পাউন্ড চার্জ করা হবে। হোটেলে কোয়ারেন্টাইন করতে যারা ব্যর্থ হবেন তাদের ১০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে।
হেল্থ সেক্রেটরী আরও জানান ইংল্যান্ডে আসা কোন ব্যাক্তি ‘যাত্রী ফর্মে’ মিথ্যা তথ্য প্রদান করলে তাদের ১০ বছর পর্যন্ত জেলও হতে পারে। হাউসে অব কমন্সে এক বিবৃতিতে ম্যাট হ্যানকক বলেন, এই কর্মসূচির জন্য ১৬টি হোটেলের সাথে সরকার চুক্তিবদ্ধ হয়েছে। এসব হোটেলে ৪,৬০০ টি রুম সুরক্ষিত রয়েছে।
এছাড়াও হেল্থ সেক্রেটারী নিশ্চিত করেছেন যে কোন দেশ থেকে ব্রিটেনে আসা সকল পর্যটকদের জন্য ২টি করোনা পরীক্ষা করতে হবে। বাড়িতে বা হোটেলে ১০ দিনের কোয়ারান্টাইন সময়ের দুই বা আট দিনের সময়ের ভেতর এ করোনা পরীক্ষা করতে হবে। এক থেকে দুই হাজার পাউন্ড জরিমানা করা হবে যারা বাধ্যতামূলক পরীক্ষা করতে ব্যর্থ হবেন। যাত্রীবহনকারী এয়ারলাইন্স এবং ভ্রমণ কোম্পানিগুলোকে আইনগতভাবে নিশ্চিত করতে হবে যে যাত্রীরা ব্রিটেন ভ্রমণের আগে নতুন এই নিয়মে স্বাক্ষর করেছেন।