- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিদ্যালয়ের নামে জিন্নাহ সাহেব ও আমাদের মননে পাকিস্তানি ভূত

দেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর অতিক্রান্ত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মহা সমারোহে পালন করা হবে আর পাঁচ বছর পর। ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর অদ্ভুত ও বিকলাঙ্গ পাকিস্তন রাষ্ট্রে আমাদের বসবাসের মেয়াদ ছিল মাত্র ২৪ বছর। অর্থাৎ পাকিস্তন রাষ্ট্রের প্রায় দ্বিগুণ মেয়াদ আমরা পারি দিয়ে ফেলেছি। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির এত এত দিন পরেও পাকিস্তানি ভূত নামেনি আমাদের মাথা থেকে। দশক দুয়েক আগে যখন মাঠে ‘আফ্রিদি মেরি মি’ প্ল্যাকার্ড হাতে পাকিস্তন ক্রিকেট টিমকে কোন কোন বাঙালি দর্শক উন্মত্তের মতো সমর্থন করতো তখন জাতি হিসেবে ঠিকই আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে পড়ত। অবশ্য এখন বাংলাদেশ টিম দাঁড়িয়ে যাওয়ায় ওই প্রবণতা কমেছে। কিন্তু মনের অন্তরালে কোথায় ঘাপটি মেরে বসে থাকা পাকিস্তনপ্রীতি কেন জানি আমাদের কিছু লোক ছাড়তে পারছেন না। এখনও পাকিস্তনের নামে তাদের অন্তর কাঁদে। জামালগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের নাম স্বাধীনতার ৪৫ বছরের মাথায় এসেও যখন তথাকথিত পাকিস্তনি জাতির পিতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর নাম ধারণ করে তার স্মৃতিকে অমর করে রাখতে চায় তখন আমরা ভেবে নিতে পারি এখানেও ওই পাকিস্তানি ভূতই ঘাড়ে চেপে বসে আছে।  আর সংশ্লিষ্ট দায়িত্বশীলরা তদন্ত, জানি না, ব্যবস্থা নেয়া হবেÑ এমনসব অদায়িত্বশীল কথা বলে ওই ভূতকে লালন পালন করে হৃষ্টপুষ্ট করছেন। জামালগঞ্জের রূপাবালি নামক গ্রামে জিন্নাহ’র নামে নামাঙ্কিত প্রাইমারি স্কুলটি এখন সরকারি স্কুল। যখন সরকারিকরণ করা হয় তখন কেন দায়িত্বশীলরা নামের এই চরম বিভ্রান্তির বিষয়টি সংশোধন করলেন না? আসলে ওইসব দায়িত্বশীলরা জনগণের করের টাকায় বেতন-ভাতাদি গ্রহণ করে এতোটাই আত্মমগ্ন হয়ে পড়েছেন যে তারা ন্যুনতম দেশপ্রেমের পরিচয়টুকু পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছেন।
রূপাবালি গ্রামের প্রাইমারি স্কুলের নাম থেকে জিন্নাহ নামক পাকিস্তনি ভদ্রলোকের নাম সরানো যায় নি। অথচ কি আশ্চর্য, স্বাধীনতার পর যেসব স্থান বা স্থাপনার নামে বীর মুক্তিযোদ্ধাদের নাম সংযুক্ত করা হয়েছিলো ১৯৭৫ সনের পর সেগুলো কত অবলীলায় সরিয়ে ফেলা গেছে। যে সাচনাবাজারের নাম রাখা হয়েছিল সিরাজনগর (শহীদ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্মরণে) সেটি ফিরে গেল তার সাবেক নামে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুক্তিযোদ্ধাদের নাম মুছে ফেলা হলো। স্বাধীনতার চেতনাবাহী সরকারের তিন মেয়াদের (১৯৭৫ পরবর্তী) ১৩ বছরেও এই প্রতিষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধাদের নাম ফেরৎ আনা সম্ভব হয় নি। বরং যারা এরকম চেষ্টা করেছেন পাকিস্তানি ভূততাড়িতরা সম্মিলিতভাবে সেখানে বাধার সৃষ্টি করেছেন। বিরল ব্যতিক্রম হিসেবে যেসব প্রতিষ্ঠানের নামের সাথে এখনও মুক্তিযোদ্ধাদের নাম জড়িয়ে আছে সেখানেও যথাযথ সম্মান সহকারে সেগুলো প্রযুক্ত নেই। একটি যুদ্ধ যেখানে জাতির মানসিকতাকে অনেক দূর এগিয়ে নেয় সেখানে ত্রিশ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা মানসিকতার কোন পরিবর্তনটুকু করতে পারলাম?
জামালগঞ্জের রূপাবালি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের সাথে পাকিস্তানি জাতির পিতা জিন্নাহর নাম বহাল রাখার জন্য আমরা গত ৪৫ বছর ধরে দায়িত্ব পালন করে আসা শিক্ষা প্রশাসনকেই প্রথমত দায়ী করব। শিক্ষা প্রতিষ্ঠান হলো প্রজন্মের মনন তৈরির জায়গা। এখানে দেশের ইতিহাস ও কৃষ্টি শিক্ষা দেয়া হয়। তো যে প্রতিষ্ঠানটি নিজের নামের মধ্যে ইতিহাসকে জায়গা করে দিতে পারে নি সেই প্রতিষ্ঠান প্রজন্ম তৈরিতে কেমন সফলতা দেখাতে পারে তা সহজেই অনুমেয়। শিক্ষা ব্যবস্থার এই গোড়ায় গলদটিই মহান স্বাধীনতার চেতনা বিনষ্টের  প্রধান কারণ বলে আমরা মনে করি।
আমরা আশা করব এবারের বিজয় দিবসের আগেই রূপাবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম থেকে জিন্নাহ সাহেবের নাম মোচন করার বিষয়টি চূড়ান্ত করবেন শিক্ষা প্রশাসন।   

  • [১]