স্টাফ রিপোর্টার
‘খেলার মাঠ দখল করে শহীদ মিনার হতে দেব না, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও’ স্লোগানের ব্যানার ফেস্টুন নিয়ে শনিবারও মানববন্ধন করেছে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভিত্তি প্রস্থর স্থাপনের প্রতিবাদে গত ৩ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভ করেছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন পত্রিকায় বিবৃতি দিয়ে উল্লেখ
করেন শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের মতামত নিয়েই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের স্থান নির্ধারণ হবে।
শনিবার দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গণের সামনে আবারো মানববন্ধন শেষে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে শহরের ট্রাফিক পয়েন্টে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় শহরের প্রধান এই সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে।
পরে ছাত্রদের পক্ষ থেকে ৭২ ঘন্টার মধ্যে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর সরানোর দাবি করা হয়।