বিশেষ প্রতিনিধি
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বই বিক্রির কোন সুযোগ না থাকলেও সকল নিয়ম-নীতি লঙ্ঘন করে বিদ্যালয়ে নিজের লেখা বই চড়া দামে কিনতে বাধ্য করছেন সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম।
শুধু নিজের বিদ্যালয়েই নয় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে তিনি তাঁর লেখা ইংরেজি গ্রামার বই বিক্রি করছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। রোববার বিকালে সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষকের (দিবা শাখা) রুমে প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের লেখা ইংরেজি গ্রামার বইয়ের স্তুপ দেখা গেছে।
সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর অভিভাবক মুঠোফোনে জানিয়েছেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের ছাত্রীদের বাধ্য করছেন তার লেখা বই কিনতে। ছাত্রীরা বাধ্য হয়ে গ্রামার বই কিনছেন। নিজের লেখা বই বাজারে বিক্রি না করে বিদ্যালয়ে বিক্রির করার পেছনে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয় জড়িত বলে মন্তব্য করেছেন অভিভাবকগণ।
জানা যায়, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম সিলেটের অখ্যাত প্রকাশনা সংস্থা (নগর প্রকাশনী) থেকে নিজের লেখা ‘নগর ইজি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন উইথ মডেল কোয়েসশন’ গ্রামার বই বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পাঠ্য করেছেন।’
প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম জানিয়েছেন, একই বই সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ে বিক্রি হচ্ছে।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমান ‘নগর ইজি কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন উইথ মডেল কোয়েসশন’ বইটি তাঁর বিদ্যালয়ে বিক্রি হওয়ার কথা স্বীকার করলেও বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন জানিয়েছেন তাঁর বিদ্যালয়ে এই বইটি বিক্রি হচ্ছে না এবং তিনি এই বই পাঠ্য করেননি।
অভিভাবক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একাধিক সদস্য জানিয়েছেন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের লেখা বইয়ের মূল্য কেন্দ্রীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্ধারিত ফর্মা মূল্যের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা রয়েছে। এটি কোনভাবেই সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মতো একটি বিদ্যালয়ে বিক্রি হতে পারে না। ষষ্ঠ শ্রেণির গ্রামারের মূল্য লেখা রয়েছে ৪১৫ টাকা, ৭ম শ্রেণির গ্রামারের মূল্য ৫১৫ টাকা, ৮ম শ্রেণির গ্রামারের মূল্য ৬৬৫ টাকা এবং নবম শ্রেণির গ্রামারের মূল্য ৭৬৫ টাকা।
সুনামগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একজন সদস্য জানান, কেন্দ্রীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্ধারিত ফর্মা মূল্যের চেয়ে সিলেটের নগর প্রকাশনী ও প্রিন্টার্সের গ্রামার বইয়ে দেড়’শ-দুই’শ টাকা মূল্য বেশি লেখা রয়েছে ।’
বিদ্যালয়ের একাধিক অভিভাবক পরিচয় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন,‘শিক্ষার্থীদের প্রধান শিক্ষক নিজেই বলছেন, অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে বই অবশ্যই কিনতে হবে’।
রোববার সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারের আলমারজান হোটেলের চতুর্থ তলায় অস্থায়ী ভিত্তিতে অফিস নিয়ে বসা নগর প্রকাশনী ও প্রিন্টার্সের প্রোপাইটার দাবীদার রতন মল্লিক এই বিষয়ে বলেন,‘আমাদের বইয়ের মূল্য নির্ধারণ সম্ভবত ভুলে বেশি হয়ে গেছে। বিদ্যালয়ে বই বিক্রি করতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নিষেধাজ্ঞা রয়েছে। আমি স্যারকে (আব্দুর রহিম) বিষয়টি বলেছিলাম, এরপরও স্যার বই স্কুলে নিয়েছেন। আমি দুঃখিত, লজ্জিত, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আগামীকাল সব বই আমি উঠিয়ে নিয়ে আসবো’।
সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম বলেন,‘আমার নিজের লেখা ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত গ্রামার বই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে কম মূল্যে পায়, এজন্য বিদ্যালয়ে বই বিক্রি করা হচ্ছে। আমি প্রকাশককে অনুরোধ করে অর্ধেক মূল্যে বিক্রি করছি।’ প্রকাশক এই বইয়ের মূল্য বেশি নির্ধারণ করেছেন- এটি আপনি জানেন কী-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি আমার জানা নেই’। তিনি জানান, এই বই সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও বুলচান্দ উচ্চ বিদ্যালয়েও বিক্রি হচ্ছে।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা রহমান বলেন,‘উনার (সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম) বইটি খুব সহজ। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই বই পাঠ্য করা হয়েছে। তবে বই বিক্রির সাথে আমি বা বিদ্যালয়ের কোন শিক্ষক জড়িত নই। আমাদের বিদ্যালয়ের পিয়ন উনার কাছ থেকে বই আনে, বিক্রি করার সাথে- সাথেই উনাকে টাকা দিয়ে আসে।’
বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবেদীন বলেন,‘আমরা কোন বইকেই বিদ্যালয়ের জন্য নির্দিষ্ট করে পাঠ্য করিনি। সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম সাহেবের বই আমাদের বিদ্যালয়ে বিক্রি হয় না। সিলেটের নগর প্রকাশনী বইটিকে পাঠ্য করার জন্য আমাদের বিদ্যালয়ে এসে প্রস্তাব দিয়েছিল। আমরা তাদের প্রস্তাব নাকচ করেছি। ’
সুনামগঞ্জ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মিন্টু রায় মিঠু বলেন,‘সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের লেখা পাঠ্য করা বইটি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সরকারিভাবেও তালিকাভুক্ত নয়। তিনি এভাবে নিজের বিদ্যালয় ও অন্য বিদ্যালয়ে বই বিক্রি করতে পারেন না। বই বিক্রির দায়িত্ব বিভিন্ন লাইব্রেরী ও প্রকাশক সমিতির। বইয়ের মূল্য নির্ধারণেও কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করা হয়নি।’