- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত মোকাবিলায় এখনই উদ্যোগী হওয়া দরকার

গত কয়েক বছর যাবৎ বজ্র্র্র্র্র্র্র্র্র্র্রপাতে অধিকহারে মৃত্যুর বিষয়টি সাধারণ মানুষের জন্য রীতিমতো আতংক তৈরি করেছে। বৃহস্পতিবার সারা দেশে বজ্রপাতে চল্লিশের অধিক মৃত্যু হয়েছে বলে সংবাদ প্রচারিত হয়েছে। বৈশাখ মাস থেকে শুরু করে মূলত পুরো বর্ষা মৌসুমেই এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা প্রত্যক্ষ করা যায়। সুনামগঞ্জসহ ভাটি এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা সর্বাধিক। বজ্রপাতে যারা মৃত্যুবরণ করেন তাদের অধিকাংশই কৃষক, জেলেসহ খেটেখাওয়া শ্রেণির মানুষ। গবেষণালব্ধ তথ্য না হলেও বুঝা যায় এখন আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর মধ্যে বজ্রপাতের স্থান সবার উপরে। ভূমিকম্পকে সবচাইতে ক্ষতিকারক দুর্যোগ বিবেচনা করা হয়, এনিয়ে প্রস্তুতিও সর্বাধিক। কিন্তু ভূমিকম্পের প্রত্যক্ষ ভয়াবহ আক্রমণের শিকার আমরা হইনি এখনও। তাই সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্পের চাইতে বজ্রপাত নিয়েই আতংক বেশি। আতংক এতোটাই যে, এখন মেঘলা দিনে মাঠে বিলে নদীতে বা খোলা জায়গায় কাজে বেরোতে মানুষ ভয় পায়।
নিয়মিত ক্রমবর্ধমান হারে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও আমাদের দেশে দুর্যোগ ব্যবস্থাপনায় অপরাপর প্রাকৃতিক দুর্যোগের মতো বজ্রপাত নিয়ে তেমন কোন আলোচনা কিংবা প্রস্তুতি নেই। বজ্রপাত নিয়ে এই গুরুত্বহীনতার কারণ বোধ করি বিষয়টি সাম্প্রতিক বছরগুলোতেই ব্যাপকতা পেয়েছে। আকাশে মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি হয় তাই বজ্রপাত। বিশেষজ্ঞরা বলে থাকেন একটি মাঝারী মানের বজ্রে কয়েক লক্ষ ভোল্ট বিদ্যুৎ সঞ্চিত থাকে যা একটি মানুষকে নিমিষেই পুড়িয়ে কয়লায় পরিণত করে ফেলতে সক্ষম। এই ভয়াবহ দুর্যোগটিকে বিশেষভাবে আমলে নিয়ে এ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, নিদেনপক্ষে মানুষের করণীয় কী তা খুঁজে বের করা দরকার। এজন্য দেশের দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে বজ্রপাতকে বিশেষ গুরুত্ব দেওয়া এখন সময়ের দাবি মাত্র।   
সবার আগে দরকার হঠাৎ করে কেন বজ্রপাতের প্রকোপ বেড়ে গেল বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে তার কারণ উদঘাটন করা। এরপর এ থেকে পরিত্রাণের পথ কী সেটি বের করতে হবে। দুর্যোগকালীন মৌসুমে বজ্রপাত থেকে রেহাই পেতে মানুষের করণীয় বিষয়ে সকলকে ব্যাপকভাবে সচেতন করার উদ্যোগ গ্রহণ করাটাও সমান জরুরি বিষয়। অনেকেই বলে থাকেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত মন্দ প্রভাবেই বজ্রপাতের আধিক্য ঘটেছে। পরিবেশগত বিপর্যয় রোধে বৈশ্বিক তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে সহায়তা প্রদান করা হয় সেটি ব্যবহার করতে হবে পরিবেশের উন্নয়ন সাধনেই। তথাকথিত বেসরকারি সংগঠনের উপযোগিতাহীন কর্মকা-ে এই অর্থের অপচয় বন্ধ করে বজ্রপাতের মতো বিধ্বংশী প্রাকৃতিক দুর্যোগকে মোকাবিলা করতেই ওই তহবিল ব্যবহার করা উচিৎ।
অচিরেই বজ্রপাত নামক দানবকে নিয়ন্ত্রণের উপায় উদ্ভাবন না করা গেলে অবধারিত মৃত্যু মিছিলের সাথে সামাজিক ও উৎপাদন কর্মকা-েও বিরূপ প্রভাব পড়বে। আতংকিত কৃষক যদি মাঠে যাওয়া ছেড়ে দেয়, ভয়তাড়িত জেলে যদি নদীতে যাওয়া বন্ধ করে, মানুষ যদি বর্ষামৌসুমে ঘরে বসে থাকে তাহলে উৎপাদন ও সামাজিক প্রক্রিয়ায় কী অচলাবস্থা নেমে আসবে তা কি ভেবে দেখেছি আমরা? ভেবে না দেখলেও এখনই এই চিন্তা শুরু করা উচিৎ। ভয়াল দর্শন সেই ভবিষ্যতকে মোকাবিলা করতে তথা প্রকৃতির রূদ্ররোষ থেকে মানুষকে বাঁচাতে আমাদেরকে তাই শক্তভাবে মাঠে নামতে হবে। মানুষ যুগে যুগে প্রকৃতিকে বশ করে নিজের কাজে লাগিয়েছে। এভাবেই সভ্যতা এগিয়েছে। এখন সময় এসেছে বজ্রপাত নামক এক সর্বগ্রাসী দানবকে নিয়ন্ত্রণে আনার। মানুষের অজেয় কিছু নেই, এই বিশ্বাস থেকেই বলা যায় এখানেও মানুষের বিজয় হবে।  

  • [১]