স্টাফ রিপোর্টার
সিলেট অঞ্চলের সম্প্রসারণযোগ্য বিনা উদ্ভাবিত প্রযুক্তিসমূহের পরিচিতি ও সম্প্রসারণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিনার সুনামগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ দেহতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. সিদ্দিকুর রহমান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান।
সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান অপু’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রাকিব।
কর্মশালায় বক্তারা বলেন, দেশে ৪০ ভাগ কৃষক নিম্ন আয়ের। ২০৩০ সালের মধ্যে আয় দ্বিগুণ করাতে হবে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৃত্তিকা বিভাগ প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যন্ত্য সফলতার সাথে দেশের মৃত্তিকা বিষয়ক গবেষণায় বিশেষ ভূমিকা পালন করে আসছে। এই বিভাগে কর্মরত আছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান বেশ কিছু বিজ্ঞানী। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ৫টি গবেষণাগারের মধ্যে বিনা’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগেও রয়েছে অত্যাধুনিক গবেষণা যন্ত্রপাতি ও সরঞ্জামাদি। এই বিভাগের বিজ্ঞানীরা নিরলস গবেষণার মাধ্যমে মৃত্তিকা বিষয়ক বিভিন্ন প্রযুক্তি ও বৈজ্ঞানিক তথ্য উদ্ভাবন করেছেন। এরমাধ্যমে কৃষকরা উপকৃত হচ্ছেন।