স্টাফ রিপোর্টার
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীন বিনাধান-১৪ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার এলাকার রামেশ্বরপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) বুড়িস্থলের বাস্তবায়নে ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসে বিভিন্ন গ্রামের কৃষকরা অংশগ্রহণ করেন।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্র এর বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলামের
সভাপতিত্বে ও বিনা’র উপসহকারি কৃষি কর্মকর্তা শাহ কামরান আহমদের পরিচালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক হাবিবুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাউদ্দিন টিপু।
মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তাগণ বলেন,‘ বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীন বিনা ধান-১৪ খুব কম সময়ে ভাল ফসল দেয়। ১০০ দিনেই ধান কাটা যায়। কম বয়সী চারা রোপণ, সময়মত পানি, সার প্রয়োগ করলে এবং জমির পরিচর্চা করলে প্রতি কেদারে ১৫-২০ মণ ধান পাওয়া সম্ভব।’ তাই এই ধান চাষাবাদে কৃষকদের এগিয়ে আসা ও অন্য কৃষকদের উৎসাহিত করার আহবান জানান কৃষি কর্মকর্তাগণ।
এলাকার কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, কৃষক খলিলুর রহমান, কবির আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, সিরাজুল ইসলাম প্রমুখ।