স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে সুগন্ধিযুক্ত, উচ্চ ফলনশীল ও বীজ বিহীন বিনা লেবু-১ চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরতলীর বুড়িস্থল এলাকায় বিনা উপকেন্দ্র প্রাঙ্গণে এই চারা বিতরণ করা হয়।
এ সময় সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব বলেন, বিনা লেবু-১ রোগ ও পোকামাকড় সহনশীল এবং সারা বছর ফলন দিতে সক্ষম হওয়ায় কৃষকেরা এ জাতের লেবুর বাগান করে সহজেই লাভবান হতে পারবেন। এ ছাড়া জাতটির সংরক্ষণ ক্ষমতা অনেক বেশি হওয়ায় প্রায় ১ মাস পর্যন্ত রিফ্রেজারেটরে রাখা যায়। এতে গুণাগুণ সবই ঠিক থাকে।
লেবু চারা বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা’র পরিচালক (গবেষণা) দপ্তরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা সমন্বয়ক) ড. মো. মুনজুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, এ জাতের লেবু গাছ সারাবছর ফল দেয়। পরিপক্ক অবস্থায় অধিকাংশ লেবু বীজ শূণ্য হয়ে থাকে। কলমে চারা রোপনের সময় থেকে ১০-১১ মাসের মধ্যে প্রথম ফলন পাওয়া যায়। এক বছরের একটি গাছে ১৫০ থেকে ১৮০টি ফল পাওয়া সম্ভব।
পরে সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃষকদের মধ্যে শতাধিক লেবু গাছের চারা বিতরণ করা হয়।