সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০-এর ক্ষমতাবলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠা করেছে সরকার। এ প্রতিষ্ঠানের উদ্যোগে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার অংশ হিসেবেই এই ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এগুলোর চারটি সরকারি উদ্যোগে এবং বাকি ছয়টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় গড়ে তোলা হবে।
দেশের উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই। যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, অর্থনীতি তত সমৃদ্ধ হবে এবং বাড়বে কর্মসংস্থান। কাজেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তবে শুধু অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাই যথেষ্ট নয়, এসব অঞ্চলকে যথার্থই শিল্পবান্ধব করতে হবে, নিশ্চিত করতে হবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। বিদ্যমান অর্থনৈতিক অঞ্চলগুলোয় এ ধরনের সুযোগ-সুবিধা কতটা নিশ্চিত করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন আছে। দেশে দীর্ঘদিন ধরে বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। এর অন্যতম কারণ গ্যাস-বিদ্যুৎ সংকট, উন্নত অবকাঠামোর অভাব এবং ব্যাংক ঋণে উচ্চ সুদহার। নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে গ্যাস-বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। প্রয়োজন হবে উন্নততর অবকাঠামোর। কাজেই বিদ্যমান সমস্যাগুলো নিরসনে অবিলম্বে উদ্যোগ নেয়া প্রয়োজন। নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি সরকার এদিকেও দৃষ্টি দেবে, এটাই কাম্য।
শিল্প স্থাপনের এলাকায় জলাধার, সবুজ বৃক্ষরাজি এবং বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা এই তিনটি শর্ত পূরণ করে শিল্প স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে প্রধানমন্ত্রী পরিবেশ ও প্রতিবেশের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সন্দেহ নেই। বস্তুত দেশের সর্বত্রই এখন শিল্পসহ যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে এই নীতি অনুসরণ করা উচিত। বনাঞ্চল, নদী-নালা ও জীববৈচিত্রের ক্ষতি করে কোনো উদ্যোগ, তা যত লাভজনকই হোক, মেনে নেয়া যায় না। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর এ-সংক্রান্ত নির্দেশ সব ক্ষেত্রে মেনে চলা হবে।
অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তাদের জন্য ভালো ব্যবস্থা ও সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, নারী উদ্যোক্তাদের ব্যবসা চালাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ‘নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রমের’ উদ্বোধনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের নানা অভিযোগ তুলে ধরেছেন। তাদের কেউ কেউ বলেছেন, পুঁজির অভাবে অনেক উদ্যোক্তা ব্যবসা করতে পারছেন না। প্রকৃত নারী উদ্যোক্তারা ব্যাংক ঋণ পান না। বাণিজ্যিক ব্যাংকগুলো জামানত ছাড়া তাদের ঋণ দিতে চায় না। ব্যাংকগুলো তাদেরই ঋণ দেয় যাদের ঢাকায় বাড়ি আছে। এ ছাড়া রাজধানীর বাইরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নেই এমন অভিযোগও কেউ কেউ করেছেন। আমরা জানি, নারীর ক্ষমতায়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর সদিচ্ছা রয়েছে। নারী উদ্যোক্তাদের সমস্যাসহ বিনিয়োগ ক্ষেত্রে বিদ্যমান সব সমস্যা নিরসনে তার সদিচ্ছার বাস্তব রূপ দেখা যাবে, এটাই প্রত্যাশা।