ধর্মপাশা প্রতিনিধি
একদিকে হাওরে উদ্বেগ উৎকণ্ঠা। রয়েছে যখন তখন পানিতে ফসল তলিয়ের যাওয়ার আশঙ্কা। তার মধ্যে কাল বৈশাখী ঝড় যেন বিপদের মধ্যে আরেক বিপদ। গত মঙ্গলবার মধ্যরাতে সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘর বাড়ির বিনষ্ট হয়েছে। ঈদকে সামনে রেখে ভাঙা ঘর মেরামত করাও যেন মরার উপর খাড়ার ঘা। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নতুন বিপদ শুরু হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ওপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। আধ ঘন্টাব্যাপী এ ঝড়ে ধর্মপাশা সদর ইউনিয়নের মেউহারী, হলিদাকান্দা, নোয়াবন্দ, কান্দাপাড়া, রাধানগর, নোয়াগাঁওসহ কয়েকটি গ্রামের ১৫টি, জয়শ্রী ইউনিয়নের বরই, বাদেহরিপুর, হরিপুর, রাজেন্দ্রপুর, বানারশিপুরসহ কয়েকটি গ্রামের ৪০টি, মধ্যনগর ইউনিয়নের গলহা, করোয়াজান, ইটাউরিসহ কয়েকটি গ্রামে ৫০টি, চামরদানি ইউনিয়নের নগদাপাড়া, কামারগাঁও, নন্দিপাড়া, সাজদাপুরহ কয়েকটি গ্রামের ২০টি ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে হামিদপুর এবং পাতকুড়া গ্রামে ২টি ঘরসহ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
মধ্যনগর ইউপি চেয়ারম্যানন সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু বলেন, ‘ঝড়ে গাছপালাসহ আমার ইউনিয়নে অন্তত ৫০টি ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রস্তুত করে প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’