- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিপিএল’র ভেন্যু সিলেট- কড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত সিলেট

সু.খবর ডেস্ক
এই প্রথমবারের মতো বিপিএলের আয়োজক হয়েছে সিলেট। এর আগে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক পর্যায়ের কিছু খেলা হলেও আসন্ন বিপিএলকেই ধরা হচ্ছে সিলেটের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। আর এর প্রেক্ষিতে সিলেটে এখন বিচরণ বিশ্বের বাঘা বাঘা ক্রিকেটারদের। ভিআইপি ক্রিকেটারদের নিরাপত্তা প্রদানে তাই সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে বিভাগীয় শহরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তাই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো সিলেটকে। ক্রিকেটারদের আবাসিক হোটেল ও স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এখন বিরাজ করছে পুলিশের টহল। সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাজ করছে সিলেট মহানগর পুলিশের চৌকস কয়েকটি দল। নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি না রাখতে খেলোয়াড়রা সিলেটে পা দেওয়ার আগেই অনুষ্ঠিত হয়েছে পুলিশের কয়েক দফা সভা।
ক্রিকেটারদের চলাচলে যাতে কোনো সমস্যা না হয় এজন্য নগরীর কয়েকটি রাস্তায়   যানবাহনের চলাচল বিপিএল চলাকালীন সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শিথিল করা হয়েছে মানুষের আনাগোনাও। স্টেডিয়াম এলাকায় কড়া নিরাপত্তার মধ্যেই প্রিয় ক্রিকেটারদের দেখতে সুশৃঙ্খলভাবে ভিড় জমাচ্ছেন ভক্তরা।
এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, ‘নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই সিরিয়াস। এখানে কোনো ছাড় দেয়া হচ্ছে না। খেলোয়াড়দের অবস্থান এবং মুভমেন্ট যেদিকে থাকবে যেমন টিম হোটেল, স্টেডিয়াম এসব জায়গায় নিরাপত্তা থাকবে সবচেয়ে বেশি। আমরা স্টেডিয়াম এবং হোটেলের ভেতর, বাইরে চার স্তরের নিরাপত্তা সাজিয়েছি। পুলিশের পাশাপাশি র‌্যাবেরও টহল থাকবে। পুলিশের অন্যান্য শাখার সদস্যরাও সাদা পোশাকে মাঠে থাকবেন।‘
ক্রীড়ামোদী সিলেটবাসী খেলাধুলার প্রতি তাদের আন্তরিকতার প্রমাণ দিয়েছেন আগেই। অতীতে বিজয় দিবস ক্রিকেট, টি-২০ বিশ্বকাপ, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রভৃতি ইভেন্টে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। তাদের ক্রীড়াপ্রেমের জন্যই মূলত বিপিএলের ভেন্যুর মর্যাদা পেয়েছে সিলেট।

  • [১]