সিলেট অফিস
বিভিন্ন সমস্যা ও বাধা বিঘœ অতিক্রম করে এগিয়ে যাওয়া সিলেটের আত্মনির্ভরশীল নারীদের সম্মাননা জানানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননাপ্রাপ্ত ৫ জনের মধ্যে ২ জন জান্নাতুল নাহার, ডেইজি তালুকদার সুনামগঞ্জ জেলার। মঙ্গলবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়।
সিলেট নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। তিনি জরুরি কাজ থাকায় স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান এবং হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।
অনুষ্ঠানে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রতিকূলতা পেরিয়ে নিজে স্বাবলম্বি হওয়ার পাশাপাশি আরো বিভিন্ন নারী-পুরুষকে স্বাবলম্বি হতে অবদান রাখার কারণে এ বছরের জন্য সিলেটের ৫ জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘জয়িতা সম্মাণনা’ ২০১৬ প্রদান করা হয়। তারা হলেন সুনামগঞ্জ জেলার জান্নাতুল নাহার, ডেইজি তালুকদার, সিলেটের নুরুন্নাহার বেবি, সবিতা বেগম মিরা, এবং ফরিদা ইয়াসমিন।