- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিভিন্ন উপজেলায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

সু.খবর রিপোর্ট
পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি ন্যায্যমূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় তাহিরপুর বাজারে টিসিবি’র ডিলার সামায়ুন কবীর ও নবী নেওয়াজ আখঞ্জির দোকানে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর ইউএনও মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা কৃষি অফিসার মো. হাসান—উদ—দৌলা, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহসভাপতি আলী মর্তূজা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান, বিক্রয় কার্যক্রমের তদারকি কর্মকর্তা মনোলাল রায়, তাহিরপুর থানার এসআই সিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মিলন তালুকদার, সাংবাদিক শওকত হাসান প্রমুখ।
এসময় তাহিরপুর ইউএনও মো. রায়হান কবীর বলেন, তাহিরপুরে ৯ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীদের নিজে উপস্থিত হয়ে মালামাল সংগ্রহ করতে হবে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে তদারকি কর্মকর্তার উপস্থিতিতে মালামাল বিতরণ করা হবে।
বিশ্বম্ভরপুর
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিশ্বম্ভরপুর বাজার করচার পাড় মার্কেটের সামনে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকতার্ মেহেদী হাসান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
উপজেলার ৫ ইউনিয়নে ৫ হাজার ৫২১টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভুর্তকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে।
জগন্নাথপুর
দুপুরে উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে মাঠে ডিলার প্রতিষ্ঠান পলাশ ট্রেডার্সের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ধনেশ রায়, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুন্দর আলী প্রমুখ।
উল্লেখ, জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ১০ হাজার ২৬৯ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুই দফা টিসিবি’র পণ্য বিক্রি করা হবে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজারে সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সকালে বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে ও হকনগর বাজারে এবং মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়িবাজার ও কাটাখালি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভির আরাফাতি চৌধুরী বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর, বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো.আবুল হোসেন, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুষার কান্তি বর্মন, কবির প্রমুখ।
জানা গেছে, আগামী পবিত্র রমজান উপলক্ষে উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ৮৩৪৯ জন কার্ডধারী সর্বোচ্চ দুইবার এই পণ্য কেনার সুযোগ পাবেন। দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৯৩৩ জন, নরসিংহপুর ইউনিয়নে ৯৮৩ জন, বাংলাবাজার ইউনিয়নে ১১৫৭ জন, মান্নারগাঁও ইউনিয়নে ১০৪৭ জন, পান্ডারগাঁও ইউনিয়নে ৯৩৩ জন, দোহালীয়া ইউনিয়নে ৯৮৮ জন, লক্ষিপুর ইউনিয়নে ৮৯৪ জন, বোগলাবাজার ইউনিয়নে ৭১৩ জন, সুনমা ইউনিয়নে ৭০১ জন পণ্য ক্রয় করতে পারবেন। প্রথম দিনে উপজেলার দুইটি ইউনিয়নের ২২০৪ জন কার্ডধারী পরিবারের মাঝে পণ্য বিক্রি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, টিসিবির পণ্য প্রকৃত কার্ডধারী মানুষের কাছে বিক্রি করতে আমাদের মনিটরিং টিম মাঠে কাজ করছে। আজ প্রথম দিনে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে ও মান্নারগাঁও ইউনিয়নের কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

ছাতক
ছাতকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় তারা নিম্ন আয়ের মানুষের হাতে স্বল্প মূল্যে তেল, ডাল ও চিনির প্যাকেট তুলে দেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডাল ৬৫ টাকা দরে ক্রয় করে নেন উপকারভোগীরা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল একটি প্যাকেজ নিতে পারছেন। উপজেলার ১৬হাজার পরিবার পাবে এসব পণ্য। এখানকার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে দুই ধাপে চলবে এ কার্যক্রম। টিসিবির পন্য ক্রয়ে সাধারন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, প্রথম দিন এখানের তিনটি ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রির মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভারসহ সকল ইউনিয়নে পণ্য বিক্রয় করা হবে। উপকারভোগীগণ যাতে সঠিক ওজনে মালামাল পান সে লক্ষ্যে কঠোর মনিটরিংয়ের মাধ্যমে পণ্য প্যাকেটিং করা হয়েছে।

দিরাই
দুপুর ২ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর শিব মন্দির মাঠে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, ইউপি চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম প্রমুখ।
ইউএনও মাহমুদুর রহমান মামুন জানান, প্রথম দিনে করিমপুর ইউনিয়নের কার্ডধারীদের মধ্যে ৩৬৯ জন ও রফিনগর ইউনিয়নে ৫৫০ জনের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। পণ্য বিক্রিতে কোন ধরনের অনিয়ম যাতে না হয় সেজন্য কঠোর নজরদারি করা হচ্ছে।

  • [১]