সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ বেতারের পরিচালক (বার্তা) শরীফুল কাদের ও তার ফেসবুক বন্ধুদের দেয়া আর্থিক অনুদানে সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারে প্রথম পর্যায়ে হতদরিদ্র ৬০টি পরিবারের মাঝে এই ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহার, ব্যবসায়ী আব্দুল আলিম।
ধর্মপাশায় সৎসঙ্গ
ধর্মপাশায় সৎসঙ্গের উদ্যোগে বন্যার্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কলেজ রোডস্থ শ্রী মন্দির সৎসঙ্গ প্রাঙ্গণে ১৪৫ জন ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিলেট সৎসঙ্গ বিহারের এস.পি.আর রামকৃষ্ণ ভট্টাচার্য ও নেত্রকোনা সৎসঙ্গ বিহারের এস.পি.আর গোপীকা রঞ্জন তালুকদার ধর্মপাশা সৎসঙ্গের কার্যকরি কমিটির পক্ষে এসব ত্রাণ বন্যার্তদের হাতে তুলে দেন। এ সময় ধর্মপাশা সৎসঙ্গের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, সাড়ে চার কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও ১ কেজি লবণ।
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ১৯৯৮ সালের এসএসসি ব্যাচ্, তাদের বন্ধু-বান্ধবি ও সহকর্মীবৃন্দের যৌথ উদ্যোগে পশ্চিম পাগলা উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো তেল, পেঁয়াজ, আলু, লবন, চিনি ও ময়দা।
১৯৯৮ সালের এসএসসি পরীক্ষার্থী মাস্টার শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
খাদ্য সামগ্রী বিতরণে আর্থিকভাবে অংশগ্রহণ করে ডাচ্ বাংলা ব্যাংকের বড়লেখা শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান, আরডি আরএস বাংলাদেশের মৌলভীবাজার সদর শাখার প্রোগ্রাম ম্যানাজার অরুন চন্দ্র দাশ, সাকিব হার্ডওয়্যার এন্ড গিফ্ট কর্নারের স্বত্বাধিকারি আদুল কাদির, মাস্টার শফিকুল ইসলামের, ব্যবসায়ী কাজল দেব, সুশান্ত দত্ত, দলিল লেখক সমিরণ দেবনাথ, ছয়হারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবা রানী পাল, এফআইভিডিভির সাবেক শিক্ষিকা লীনা রানী দেবী, প্রনীতা রানী পাল, প্রবাসী হোসাঈন খান ডালিম ও সাইফুল আলম রুনু।
সিলেট এম.সি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন
সিলেট এম.সি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র উদ্যোগে সুনামগঞ্জের বন্যা দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের হোসেন বখ্ত চত্ত্বর এলাকায় ব্যবসায়ী রাজীব রায়ের বাসার সামনে শহর ও আশপাশ এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
অর্থ বিতরণের সময় সিলেট এম.সি এন্ড গভ: কলেজ এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র সিনিয়র সহ-সভাপতি আজিমুর রহমান বুরহান, সংগঠনের আজীবন সদস্য মিসফাক আহমদ চৌধুরী, সাবেক সহ-সাধারণ সম্পাদক হোসেন সারওয়ার সাগর, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের উজ্জ্বল দাস উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্যবসায়ী রাজীব রায়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজিমুর রহমান বুরহান জানান, সুনামগঞ্জের দূর্গত মানুষের মধ্যে এই অর্থ বিতরণ এছাড়াও ৭৭০ জন শিক্ষার্থীর প্রত্যেককে বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণের জন্য জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের কাছে শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের শিক্ষার্থীদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার বানভাসি মানুষের মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১-৯২ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনভর এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিশ^ম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও’এর ৪০০ বন্যার্তদের মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, তেল, সাবান ও নগদ ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়।
সহায়তা তুলে দেবার সময় এসোসিয়েট প্রফেসর ড. মো.মাসুদ রানা খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো.রুহুল আমিন, এসোসিয়েট প্রফেসর মো.আব্দুর রহিম, বিশম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সফর উদ্দিন, সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ডিজিএম হিমাংশু আচার্য, এজিএম হানিফ মো. সালাউদ্দিন, ব্যাংকার্স আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের প্রবাসীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৯৮ টি পরিবারের মাঝে ‘ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইনাতনগর জামে মসজিদ ও রায়পুর বড় মসজিদ প্রাঙ্গণে ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ৩৯৮টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ৬’শ টাকা করে মোট ২ লক্ষ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।
প্রবাসীদের পক্ষে ঈদ উপহার তুলে দেন, যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু, এনাম মির্জা, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমেদ, স্বেচ্ছাসেবী ইকবাল হোসেন, আলী হায়দার, হেলাল উদ্দিন, মুবিন সিদ্দিকী ও তানজিল আহমদ।
এর আগে বন্যাকবলিত মানুষদের সহযোগিতার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ ও হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে প্রবাসীদের সংগঠিত করে ২ লক্ষ ৪০ হাজার টাকা সংগ্রহ করেন প্রবাসীরা।