সু.খবর রিপোর্ট
ছাতকে সমবায় দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য, মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘একটি স্বনির্ভর ও সমৃদ্ধ জাতি গঠনে সমবায়ীরা মুখ্য ভুমিকা পালন করতে পারেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্থ বাংলাদেশকে সমবায়ের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বের উন্নত অনেক দেশই সমবায়ের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। ’
শনিবার সকালে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ছাতক উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সমবায়ীদের নিয়ে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন এমপি মানিক।
দিরাই
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় সহকারি পরিদর্শক শিমুল খানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।
ধর্মপাশা
শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ধর্মপাশায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরায়জীর পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সমবায় সদস্য তরিকুল ইসলাম পলাশ, চন্দন সরকার প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে দিবস র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস’র সভাপতিত্বে ও সমবায়ী রাজু মিয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস শহিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, সমবায়িদের পক্ষে বক্তব্য রাখেন জামাল হোসেন।
জামালগঞ্জ
শনিবার সকালে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আ. লীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের।