স্টাফ রিপোর্টার
পৌর শহরের জেইলরোড সংলগ্ন সুরমা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের বিরামহীন বৃষ্টিপাতে এলাকার পাকা সড়কের বেশ কিছু অংশ ধসে পড়েছে। সড়ক ভাঙনের কারণে সেখানে থাকা দোকান, হোটেল এবং অস্থায়ী সবজির দোকান ভাঙনের হুমকীর সম্মুখীন। সড়কটির নিচ থেকে বালু সরে গিয়ে এই ভাঙন দেখা দিয়েছে।
ব্যবসায়ী হারুন মিয়া বলেন, টানা বৃষ্টি হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে লঞ্চঘাট এলাকায় পুলিশ ফাড়ির সামনে সুরমা নদীর রাস্তার এক পাশ ভাঙ্গা শুরু হয়। এই ভাবে যদি নদী ভাঙ্গতে থাকে তাহলে আমাদের দোকান সহ-নদীর ধারে থাকা ঘরবাড়ি ও পানিতে তলিয়ে যাবে। আমার এই দোকান দিয়ে সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়া চালাই। আমাদের জোর দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই ভাঙ্গন আরো বাড়ার আগে যেন প্রতিরোধে কাজ শুরু করা হয়।
এদিকে সকালে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কের বড় একটি অংশ ভেঙে পড়েছে। মাঝখানের একটি অংশ প্রায় ১০ ফুট দেবে গেছে। রাস্তার পাশের ও বিপরীত দিকের বাসা, পুলিশ ক্লাব ভবন এবং অন্যান্য স্থাপনাগুলোও রয়েছে ভাঙন ঝুঁকিতে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কটির বেশ কিছু অংশ প্রায় ৫-৭ ফুট ধসে গেছে। যেকোনো সময় লঞ্চঘাটের সামনের রাস্তার মতো সড়ক নদীগর্ভে চলে যেতে পারে। এভাবে নদীর পাড় ভাঙতে থাকলে এখানে আর ব্যবসা করা যাবে না।
উল্লেখ্য, গত বছর নদী ভাঙনে লঞ্চঘাট এলাকার পাকা সড়ক বেশ কিছু অংশ দেবে যাওয়ায় সেখানে থাকা দোকান, রেস্তোরা, আবাসিক হোটেল বিলীন হয়ে গেছে।