স্টাফ রিপোর্টার
জেলার দক্ষিণ সুনামগঞ্জে ‘চাতল উদয়তারা’ জলমহালের পাহাড়াদার মুক্তিযোদ্ধা আনামত উল্লাহ (৬৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে তাকে খুন করা হয়েছে। তিনি জলমহাল তীরবর্তী কাঠালিয়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আনামত উল্লাহ তাবলিগ জামায়াতের সদস্য ছিলেন। তিনি ওই জলমহাল ইজারাপ্রাপ্ত কাঠালিয়া-আখতাপাড়া মৎস্যজীবী
সমবায় সমিতি লি.এর সদস্যও ছিলেন।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা আনামত উল্লাহ ‘চাতল উদয়তারা’ জলমহালের পাহাড়াদার হিসাবে চাকুরি করতেন। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার রাতে তেরাবী নামাজের পর জলমহালে চলে যান। শনিবার ভোর রাতে সেহরির খাবার খেতে না আসায় পরিবারের লোকজন জলমহালসহ আশপাশ এলাকায় খোঁজাখুঁিজ করেন। দুপুরে জলমহালের পূর্ব পাশের বোরো জমিতে লাশ পাওয়া যায় ঐ প্রহরীর। তার নাক, মুখ, চোক ও মাথায় ধারালো অস্ত্রের কোপসহ সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের লোকজনের দাবী জলমহালের ইজারা নিয়ে পুর্ব বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।
কাঠালিয়া-আখতাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সভাপতি শওকত মিয়া বলেন,‘আনামত উল্লাহ প্রতিদিন আমাদের জলমহাল পাহাড়া দিতেন। শুক্রবার রাতে তেরাবী নামাজের পর জলমহালে যান, কিন্তু সেহরির খাবার খেতে আসেন নি। শনিবার জলমহালের পাশে তার ক্ষত বিক্ষত লাশ পাওয়া গেছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আকিকুর রহমান বলেন,‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে বেশ কিছু কোপের দাগ রয়েছে। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন এই জলমহাল নিয়ে ঝামেলা ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’