জামালগঞ্জের দায়িত্বশীল এক কর্মকর্তার মন্তব্য এরকম-‘জলমহালের তলা শুকিয়ে মাছ ধরা অবৈধ। সে যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ দায়িত্বশীল এই কর্মকর্তার বক্তব্য থেকে সপ্রমাণিত হয় যে, যেকোন জলাশয় বা বিল শুকিয়ে ফেলা সম্পূর্ণ বেআইনি। কিন্তু খালি কথায় যেমন চিড়া ভিজে না তেমনি শুধু কথা দিয়ে কখনও আইন অমান্যকারীকে আইনের পথে ফিরিয়ে আনা যায় না। জামালগঞ্জসহ জেলার প্রায় সর্বত্রই বিল-জলাশয়ের তলা পাওয়ারপাম্প লাগিয়ে শুকিয়ে মাছ ধরার ঘটনা একটি নৈমিত্তিক বিষয়। এসংক্রান্ত সচিত্র সংবাদ প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে। কিন্তু কোথাও বিল শুকানোর দায়ে অভিযুক্ত ইজারাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন খবর পাওয়া যায়নি। কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই এর মতো এসব আইন এখন শুধুই কিছু অর্থহীন কাগজপত্রের জঞ্জালে পরিণত হয়েছে। যা কেউ কখনও পাঠ করার প্রয়োজন মনে করেন না, পালন করবেন তো দিল্লী দূরস্থ। বিল জলাশয় শুকিয়ে ফেলার প্রাকৃতিক প্রভাব অনেক বেশি ক্ষতিকারক। এই প্রক্রিয়ায় মাছের বংশ যেমন ধ্বংসপ্রাপ্ত হয় তেমনি কৃষি কাজে সেচসংকটসহ আশপাশের এলাকা ভাঙন কবলিত হওয়ার আশংকার সামনে পতিত হয়। জেলার বিভিন্ন বিল-জলাশয়ের পাশ্বর্স্থ কৃষকরা নিজেদের বোরো জমিতে সেচের পানি সংকটের কারণে রীতিমত বিপর্যস্থ হয়ে উঠেছেন। তারা প্রশাসনের নানা স্তরে ধর্ণা দিয়েও কোন ফল পাচ্ছেন না। উপরন্তু জামালগঞ্জের এক বেপরোয়া ইজারাদার সাংবাদিকের প্রশ্নের জবাবে চরম ঔদ্ধত্য প্রকাশ করে বলেছেন, ‘যা পারো লিখ, লিখলে কিছুই হয় না’। ওই ইজারাদার ঠিকই বুঝে নিয়েছেন অনিয়মের বিষয় নিয়ে সংবাদপত্রে লেখালিখি হলে আদতে তেমন কিছুই হয় না যদি নিজেদের খুঁটির জোর অন্তত কিছুটা থেকে থাকে। বিল-জলাশয় যারা ইজারা নেন তাদের সকলেই রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভূত ক্ষমতার অধিকারী থাকেন। তাদের অনিয়মকে নিয়মে পরিণত করার জন্য জনগণের করের টাকায় বেতনভোগী অনেকেই মাথার ঘাম পায়ে ঝরাতে ব্যস্ত থাকেন।
জলমহালগুলোর ব্যবস্থাপনা নিয়ে এখন রীতিমত এক ছেলেখেলা শুরু হয়েছে। মাছের প্রজনন ও বংশ বৃদ্ধির নামে বৃহৎ জলমহালের ইজারাপ্রথা বন্ধ রেখে যেমন কোন সুফল পাওয়া যায়নি তেমনি ‘জাল যার জলা তার’ নীতির আওতায় প্রকৃত মৎস্যজীবিদের জলমহাল ইজারা দেওয়ার নিয়ম করার পরেও প্রভাবশালীদের শকুনি দৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়নি। ইজারা বন্দোবস্থ প্রস্তাবে কয়েক পৃষ্ঠা নিয়মাবলী পরিপালনের জন্য ইজারাদারকে বুঝিয়ে দেয়া হয় সত্য কিন্তু ইজারাদার একটি কাজই পুরো মেয়াদ করেন। সেটি হলো ইজারা মেয়াদের ভিতরে ওই বিলের সর্বশেষ পোনা মাছটি পর্যন্ত ধরে ফেলা। জলমহালগুলো নিয়ে এই চরম অব্যবস্থাপনাকে কি বলা যাবে? যে কেউ পর্যবেক্ষণ করতে পারলেই বুঝতে পারবেন যে, সংশ্লিষ্ট সকল পক্ষের সর্বগ্রাসী দুর্নীতির পাল্লায় পড়ে কেবলই খাবি খাচ্ছে এইসব জলমহাল। দুর্নীতির প্লাবন আটকাতে না পারলে কেতাবে থাকা নীতিমালা তা যতই ভাল ও জনকল্যাণমুখী হোক না কেন তা বাস্তবায়ন করা কঠিন হবে। তাই জলমহালে বেপরোয়া লুটপাট বন্ধ করতে সর্বাগ্রে প্রয়োজন সরকারি ও রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতবিরোধী মনোভাবের জাগরণ।
‘মাছে ভাতে বাঙালি’ এই জাতিত্বের পরিচয়টি আর বেশি দিন লাগবে না ইতিহাসের বিষয়ে পরিণত হতে। এখনকার প্রজন্ম বড় হচ্ছে খামারে উৎপাদিত মাছ খেয়ে। সাংঘাতিক অনুকূল জলজ পরিবেশ থাকা সত্বেও মিঠাপানির মাছের বংশ রক্ষা করতে না পারার ব্যর্থতা এই জাতির একটি বড় গ্লানি। ইজারাদার ও সরকারি দপ্তরগুলো এই গ্লানি তৈরির মূল কারিগর। এ অবস্থার অবসান কবে ঘটবে?