হাবিবুর রহমান, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার অধিকাংশ জলমহালে মেশিন দিয়ে তলা শুকিয়ে মাছ ধরছেন এক শ্রেণীর অসাধু ইজারাদাররা ও সাব-ইজারাদার। সম্প্রতি ফেনারবাঁক ইউনিয়নের চাটনী বিলের সাব-ইজারাদার আওয়ামীলীগ নেতার ভাতিজা ওয়াসিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিল শুকিয়ে মাছ ধরার। স্থানীয় সাংবাদিকরা জলমহালের ছবি তুলতে গেলে বাধা প্রদান ও বক্তব্য নেওয়ার সময়ও দাম্ভিকতার সুরে তিনি বলেন,‘যা পারো লিখো, লিখলে কিছুই হবে না।’
অভিযোগ রয়েছে, ইজারাদার এলাকার প্রভাবশালী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় স্থানীয় মৎস্য অধিদপ্তর দেখেও না দেখার ভান করছেন। আর বিলের পাড়ের মৎস্যজীবি ও সাধারণ কৃষকরা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। কৃষকরা দাবী করছেন পানি না থাকায় ফসলি জমিতে সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, বিগত ২ বছর যাবত খড়া, শিলা বৃষ্টি ও আগাম বন্যায় ফসল নষ্ট হয়ে গেছে, বিলের পানিই তাদের জমিতে সেচের একমাত্র ভরসা। কিন্তু এই বিলের ইজারাদার ও সাব ইজারাদাররা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মেশিন দিয়ে বিলের পানি শুকাচ্ছে। বিলে পানি না থাকলে তাদের জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক গ্রামের মানুষের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হবে। লক্ষীপুর গ্রামের একাধিক বাসিন্দা জানান, চাটনী বিলের সাব ইজারাদার আ.লীগ নেতার ভাতিজা ওয়াসিম চৌধুরীর জন্য সাধারণ মানুষকে থানা পুলিশের ভয় দেখায়। পুলিশের ভয়ে কেউ প্রতিবাদও করেন না।
চাটনী পাড়া সমবায় সমিতির সদস্য কামরুল ইসলাম সবুজ আক্ষেপ নিয়ে বলেন,‘আমি বিলের সদস্য হলেও আমাদেরকে না জানিয়ে বিল বিক্রি করে দেয়া হয়েছে ওয়াসিমের কাছে। সে পানি শুকাইয়া মাছ ধরছে। এলাকার মানুষ জমিতে পানি দিতে পারতেছে না, আমরা প্রতিবাদ করেও কোন ফল পাচ্ছি না।’
চাটনী বিলের সাব ইজারাদার আ. লীগ নেতার ভাতিজা ওয়াসিম চৌধুরী বলেন,‘যা পারো লিখো, যা মন চায় লিখো, তোমরা লিখলেও কিছুই হবে না। তোমরা লেইখ্যা আমার কিচ্ছু করতে পারবা না। আমি বিলের মাছ ধরার পানি সিছমু।’
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, জলমহালের তলা শুকিয়ে মাছ ধরা অবৈধ। সে যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।