স্টাফ রিপোর্টার
তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মন্দিয়াতা গ্রামের কান্দাহাটির প্রায় ২০০ পরিবার বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছে। এই হাটিতে কোনো টিউবওয়লে না থাকায় শুষ্ক মৌসুমে ডুবার পানি পান করতে হচ্ছে গ্রামবাসিকে। এতে পানি বাহিত রোগেও ভোগতে হচ্ছে তাদের। এলাকাবাসির দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে নিরাপদ পানির জন্য টিউবওয়েল দাবি করেও কোন কাজ হচ্ছে না।
সরজমিনে গিয়ে দেখা যায়, উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের পাড়ের গ্রাম কান্দাহাটি। গ্রামের বেশীর ভাগ মানুষ টাঙ্গুয়ার হাওরে মাছ শিকার ও শুষ্ক মৌসুমে ধান চাষ করেন। ৬ মাস চলাচলের উপযোগি মন্দিয়াতা গ্রামের সঙ্গে সংযোগ রয়েছে কান্দাহাটির। পাশের মন্দিয়াতা গ্রামে টিউবওয়েল রয়েছে। শুষ্ক মৌসুমে কান্দাহাটিতে বসবাসকৃত লোকজন এক মাইল হেঁটে মন্দিয়াতা গ্রামের টিউবওয়েল থেকে নিরাপদ পানি সংগ্রহ করেন। কিন্তু অনেক সময় এতদূর থেকে নিরাপদ পানি সংগ্রহ করা সম্ভব হয়না। বর্ষায় টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা দুষ্কর হয়ে পড়ে। এজন্য মাছ ধরার ছোট নৌকা করে পানি সংগ্রহ করতে হয়।
কান্দাহাটির বাসিন্দা মো. শুক্কুর আলী বলেন, প্রতিদিন খাবার পানি মন্দিয়াতা গ্রাম থেকে নিয়ে আসি আমরা। শুকনার সময়ে গোসল ও প্রয়োজনীয় কাজে বিল, ডুবার পানি ও বর্ষায় হাওরের পানি ব্যবহার করলেও খাওয়া তো যায় না। অনেক কষ্ট হলেও প্রতিদিন টিউবওয়েলের পানি সংগ্রহ করি।
একই গ্রামের বাসিন্দা সুমন আলী বলেন, পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। এখন নৌকা ছাড়া পানি আনা যায় না। যাদের নৌকা নেই তারা সাঁতার কেটে মন্দিয়াতা গ্রামে থেকে পানি সংগ্রহ করেন।
একই গ্রামের বাসিন্দা আসাদ নূর বলেন, মেম্বারকে আমাদের পানির অসুবিধার কথা জানিয়েছি। তিনি বলেছেন টিউবওয়লের দিবেন। কিন্তু এখনো আমরা টিউবওয়েল পাইনি।
উত্তরশ্রীপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াডের মেম্বার মো. সাজিনুর মিয়া বলেন, কান্দাহাটি গ্রামটি অনেক বড়। ২ টি টিউবওয়েল রয়েছে। কিন্তু ২ টি পর্যাপ্ত নয়। আরো ৮ টি টিউবওয়েল প্রয়োজন। সরকার থেকে আমরা কোনো বরাদ্দ পাই না। ইউনিয়ন পরিষদের টাকা দিয়ে ২ টি টিউবওয়েল করেছি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী আল আমিন বলেন, টিউবওয়ের বরাদ্দ আসে। উপজেলা চেয়ারম্যান আমাদের তালিকা দেন। সে তালিকা অনুযায়ী আমরা কাজ করি।