স্টাফ রিপোর্টার
শহরের হাছনগর এলাকার আলোচিত বিশ্বজিৎ চৌহান খুনের ঘটনার প্রধান আসামী আবু তাজিম তিমু’র জামিন নামঞ্জুর করেছেন সুনামগঞ্জ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শহীদুল আমিন। বুধবার তিমু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
গত বছরের ২০ ফেব্রুয়ারি শহরের কাজীর পয়েন্টের কাছে কুটুমবাড়ী রেস্তোরার সামনে সন্ত্রাসী হামলার শিকার হন
বিশ্বজিৎ চৌহান। প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে, পরে রাতে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত পৌনে ১০ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু ঘটে তার। ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বিশ্বজিৎ চৌহানকে খুন করা হয়েছিল দাবি করে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। এই মামলার প্রধান আসামী আবু তাজিম তিমু হাইকোর্টের আদেশে ২ মাসের জামিনে ছিলেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে বুধবার তিমু আমলগ্রহণকারী সুনামগঞ্জ সদর আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শহীদুল আমিনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।