- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে’

সু.খবর ডেস্ক
বিশ্বব্যাংকের আনা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে কানাডার আদালতের দেওয়া রায় নিয়ে রবিবার জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে উঠেছিল। পয়েন্ট অব অর্ডারে আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী ও জ্যেষ্ঠ সংসদ সদস্যরা বলেছেন, এই মিথ্যা দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক বাংলাদেশ ও এর সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাহানি করেছিল। কানাডার আদালতের রায় প্রমাণ করেছে, বিশ্বব্যাংকের অভিযোগ ছিল বাংলাদেশ ও এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের জন্য বিশ্বব্যাংককে বাংলাদেশ, এ দেশের সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। দেশে এই ষড়যন্ত্রের হোতাদের সংসদীয় কমিটিতে ডেকে জবাবদিহি করতে বাধ্য করতে হবে। সংসদে বিশ্বব্যাংক ও ষড়যন্ত্রের অন্য হোতাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। সেই সঙ্গে এই মিথ্যা অভিযোগ আনায় ক্ষতিগ্রস্তদের পক্ষে রাষ্ট্রীয় পর্যায় থেকে বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে পয়েন্ট অব অর্ডারে প্রসঙ্গটি উত্থাপন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির সভাপতিমন্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ। এরপর অনির্ধারিত এ আলোচনায় আরও অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের ডা. দীপু মনি ও আবদুল মান্নান, জাসদের মইনউদ্দিন খান বাদল এবং জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগকারীদের দেশের শত্রু আখ্যা দিয়ে বলেন, যারা এই মিথ্যা দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেছিল, পদ্মা সেতু নিয়ে কথা বলেছিল এবং সরকারকে হেয় করতে ও সরকারের সুনাম ক্ষুন্ন করতে চেয়েছিল- তারা দেশের শত্রু, জাতির শত্রু। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের সবার উচিত হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ  হয়ে কথা বলা।
তোফায়েল আহমেদ বলেন, কানাডার আদালতের রায়ে প্রমাণ হয়েছে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন, সেটিই সঠিক। তিনি বলেন, বিশ্বব্যাংক সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিল। কয়েকজনকে অন্যায়ভাবে গ্রেফতারও করা হয়েছিল। প্রধানমন্ত্রী সেদিন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে উদ্দেশ করে বলেছিলেন, আবুল হোসেন দেশপ্রেমিক। আজ প্রধানমন্ত্রীর কথা ধরেই বলতে চাই- আবুল হোসেন দেশপ্রেমিক। বাংলাদেশ দুর্নীতির কাছে মাথা নত করেনি। দুর্নীতির অভিযোগ ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটা জাতির বিরুদ্ধে অভিযোগ। তখন প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে ড. কামাল হোসেন বলেছিলেন, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাকে দেশপ্রেমিক বলা- এটা জাতি ভালোভাবে গ্রহণ করে না। যারা দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলেছিল, পদ্মা সেতু নিয়ে কথা বলেছিল এবং সরকারকে হেয় করতে ও সরকারের সুনাম ক্ষুন্ন করতে চেয়েছিল, তারা জাতির শত্রু।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিশ্বব্যাংকই বড় করাপটেড (দুর্নীতিগ্রস্ত)। তারা দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন জাতিকে অপমান করতে পারে, সেই শক্তি আল্লাহ বিশ্বব্যাংককে দেয়নি।
টিআইবির উদ্দেশে তিনি বলেন, ‘টিআইবি তাদের স্টেটমেন্টে বলেছে, বিশ্বব্যাংকের কাছে সরকারের ব্যাখ্যা চাওয়া উচিত। আমি তাদের বলতে চাই, আপনারা বিশ্বব্যাংকের কাছে কৈফিয়ত চান না কেন? আমাদের তো প্রমাণ হয়ে গেছে। আপনারা একটা কিছু হলেই সরকারের কাছে ব্যাখা চাইতে বলেন। আপনারা চান? আমি জানি আপনারা ব্যাখা চাইতে পারবেন না। কারণ, আপনারা তাদের টাকায় চলেন। আপনারা তো ওই সময় অনেক কথা বলেছিলেন। ওই সময় আরও কলকাঠি নেড়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, এটা ছিল বাংলাদেশ, স্বাধীনতা ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র করার কারণে যে বিপুল পরিমাণ অর্থের লোকসান হয়েছে, বিশ্বব্যাংককে তা অবশ্যই ফেরত দিতে হবে। যেসব কথিত বুদ্ধিজীবী তখন দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, পদ্মা সেতু ছিল আমাদের একটি চ্যালেঞ্জ। ওই সময় বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করেছে। এ কারণে সরকারের পদত্যাগও চেয়েছিলেন। এখন কী জবাব দেবেন খালেদা জিয়া? মিথ্যা অভিযোগের কারণে খালেদা জিয়ারই পদত্যাগ করা উচিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হেয় ও ছোট করার জন্য ড. ইউনূস অনেক ষড়যন্ত্র করেছেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এবং নিজ অর্থায়নে সেতুটি নির্মাণের কাজ শুরু করে মিথ্যা অভিযোগের জবাব দিয়েছেন। কানাডার আদালতে এ অভিযোগ ভুয়া প্রমাণিত হয়েছে। তাই এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রের তরফ থেকে মামলা করতে হবে। কারণ, এরা গোটা রাষ্ট্রকে অপমান করেছে, হেয়প্রতিপন্ন করেছে। আর যেসব গণমাধ্যম সে সময় মিথ্যা অভিযোগ নিয়ে ঝড় তুলেছিল, তাদের উচিত আত্মসমালোচনা করা। এ নিয়ে সংসদে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে বিশ্বব্যাংকের কাছে পাঠানোরও দাবি জানান তিনি।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, সেদিন পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে আমাদের সময় নষ্ট হয়েছিল, অর্থের অপচয় হয়েছে। আর সেই নষ্টের কারণ বিশ্বব্যাংক। আমি এই সংসদের সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, এ জন্য বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে। যতদিন পর্যন্ত ক্ষমা চাওয়া না হবে, অর্থমন্ত্রীকে বলব যেন একটা প্রোটেস্ট নোট তাদের (বিশ্বব্যাংকের) কাছে পাঠান।
তিনি বলেন, যারা এই মামলার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা কোনো আইনজীবীর কাছে গেলে নিশ্চয়ই সেই আইনজীবী মামলা করার পরামর্শ দেবেন। আমরা আজ নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পেরেছি, আমরা পদ্মা সেতু করছি।
জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, একজন ড. ইউনূস কিংবা ড. কামাল নন, আরও অনেকে এই ষড়যন্ত্রে জড়িত আছেন। তারা দেশদ্রোহীমূলক কর্মকান্ড করছেন। যারা দেশদ্রোহীমূলক কর্মকান্ড করছেন, অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে।
জাসদের মইনউদ্দিন খান বাদল বলেন, সমগ্র বিশ্বে শেখ হাসিনার দৃঢ়চিত্ত অবস্থান আগামীতে অনুকরণীয় হয়ে থাকবে। অন্যায়ভাবে একটি জাতিকে হেয়প্রতিপন্ন করার প্রতিবাদ ও বিচার অবশ্যই করতে হবে।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, যারা জনগণের এত বড় ক্ষতি করল, তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে আমরা খুশি হব।
সরকারি দলের আবদুল মান্নান বলেন, ষড়যন্ত্র করে পদ্মা সেতু নির্মাণ পিছিয়ে দেওয়ার কারণে এর নির্মাণ ব্যায় বহুগুণ বেড়ে গেছে। এ জন্য সরকারের উচিত বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা। উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনেরও উচিত ভাবমূর্তি ক্ষুন্ন করার কারণে মামলা করা। বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করা। বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে তিনি বলেন, এ ঘটনার পর সরকারের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করেছিলেন। রায়ের পর এখন তারও উচিত জাতির সামনে ক্ষমা চাওয়া।
ডা. দীপু মনি বলেন, বিশ্বব্যাংককে অবশ্যই শেখ হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে।

  • [১]