স্টাফ রিপোর্টার
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিআরডিবিভুক্ত বিশ্বম্ভরপুর ইউসিসিএ’র ২৯তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএ সভাপতি দীলিপ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সৌরভ ভূষণ দেব। তিনি দীর্ঘ দিনের খেলাপী শস্য ঋণের আসল টাকা পরিশোধ করে সরকারের সুদ মওকুফ সুবিধা গ্রহণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান। ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন
করেন ইউসিসিএ’র জুনিয়র অফিসার (হিসাব) রুস্তম আলী হাওলাদার। সার্বিক পর্যালোচনায় সভায় উপস্থাপিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পরে প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা ও আগামী দিনের কর্মকৌশল নিয়ে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী নেতা আব্দুস সাত্তার, সুরুজ্জামান, নজরুল ইসলাম, নবিবুর রহমান, শহীদুল্লাহ প্রমুখ। সভায় নবাগত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: শহীদুল্লাহ তাঁর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন। সভাপতি দিলীপ কুমার বর্মন বিশ্বম্ভরপুর ইউসিসিএকে একটি কার্যকর সমবায় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় বিশ্বম্ভরপুর ইউসিসিএর সাবেক সভাপতি প্রয়াত আজিজুর রহমানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা প্রদর্শন করে তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।