- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের শিক্ষা ও সামাজিক সংগঠনসমূহের সংবাদ সম্মেলন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনসমূহ সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনে করেছে। সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সংগঠনগুলো বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান সংক্রান্ত বিস্তারিত তুলে ধরে।
সাংবাদিক সম্মেলন জানানো হয়, বন্যায় আক্রান্ত হওয়ার পরপরই বিগত ১৭ জুন থেকে বিশ্বম্ভরপুরের বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনসমূহ সম্মিলিতভাবে উপজেলায় সহায়তা কার্যক্রম শুরু করে। তারা রান্না করা খাবার সরবরাহ করেছেন এবং ৫০০ পরিবারকে শুকনো খাবার সরবরাহ করেছেন। পরবর্তীতে সর্বমোট ১০০০ পরিবার এর মধ্যে ভারি খাবারের প্যাকেজ বণ্টন করেছেন। স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আশ্রয় কেন্দ্র ও বিচ্ছিন্ন গ্রামগুলোতে মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং জরুরি ঔষধও সরবরাহ করা হয়। বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর সাথে সমন্বয় করে আরও পাঁচ হাজারেরও অধিক পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। তাদের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে বেল্টা সিলেট চাপ্টার। এ সংগঠনের পক্ষ থেকে অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে নগদ অর্থ ও পোশাক প্রদান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ থেকে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্যা পরবর্তী পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করার উদ্যোগ চলমান থাকবে।
সবশেষে সকল দাতা, সহযোগী, স্বেচ্ছাসেবক, উপস্থিত সাংবাদিকগণসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসনের কাছে দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ পরবর্তী ও দুর্যোগকালীন কিছু দাবি দাওয়া পেশের মাধ্যমে সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুরো কার্যক্রম এর অন্যতম মুখপাত্র জাহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সর্বশেষ আপডেট উপস্থাপন করেন অন্যতম সমন্বয়কারী এবং বিশ্বম্ভরপুর উন্নয়ন ফোরাম (বিউফো) এর প্রতিষ্ঠাতা আল-আমিন ভূঁইয়া, শৃঙ্খলা ও পরিকল্পনা প্রণয়ন নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ এর সিইও জাবের উবায়েদ।
এছাড়া সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ও বেল্টা সিলেট চাপ্টার এর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নান্দনিক স্বপ্ন এর প্রতিষ্ঠাতা ইমরান হোসেন হিমু, আলোকিত সমাজগড়ি যুবসংঘের প্রতিষ্ঠাতা বায়েজিদ বোস্তামী, রহিমপুর সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি সোহেল ভূঁইয়া, পুসাব প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ এবং নোঙ্গর প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মাসুম প্রমুখ।

  • [১]