- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের ২২ বাজারের ১৯ টিই লুটেরাদের দখলে- সরকার লাখ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে

বিশেষ প্রতিনিধি
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৭ বড় বাজারসহ ১৯ টি বাজারই এবারও ইজারা হয়নি। বড় ৭ টি বাজার গত দু’বছর ধরে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। এর আগে এক বছর সরকারের নিয়ন্ত্রণে থাকলেও ৩ বছর ছিল লুটেরাদের দখলে। মামলা-মোকদ্দমায় জড়িত রেখে সরকারদলের নেতা পরিচয়ে এগুলো থেকে টোল আদায় করছে কিছু লুটেরা। কোথাও কোথাও এসব লুটেরাদের সহায়তা করে বিএনপির সুবিধাবাদীরাও নেপথ্যে থেকে ভাগ নিচ্ছে। গত দুই বছরে এই বাজারগুলো থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। স্থানীয় প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে বিএনপি সরকারের সময়কালেও দলীয় পরিচয় দিয়ে এই বাজারগুলো লুটে-পুটে খেয়েছে লুটেরারা ।
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমার উত্তর পাড়ের বৃহৎ বাজার বিশ্বম্ভরপুরের চিনাকান্দি। তিন বছর আগে ১৪১৫ বাংলা সনে এই বাজার সরকারের দখলে ছিল এবং স্থানীয় প্রশাসন ৭ লাখ ১ হাজার টাকা খাস কালেকশন আদায় করেছে ওই বছর। ১৪১৬ বাংলা সনে ইজারা দিয়ে রাজস্ব পাওয়া গেছে ১২ লাখ ২০ হাজার টাকা। এই ইজারা মেয়াদ শেষ হতেই আজম খান ওয়াকফ স্টেটের পক্ষ থেকে আদালতে মালিকানা দাবি করে স্বত্ব মামলা দায়ের হয়। এবং এরপরই সরকারের দখল ছাড়া হয়ে যায় বাজারটি।
একইভাবে এই উপজেলার ধনপুর বাজার ১৪১৫ বাংলা সনে ৬ মাসে খাস কালেকশন হয় ১৪ হাজার ৪৮০ টাকা। এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৬৮ হাজার ৫০০ টাকায়। বিশ্বম্ভরপুর উপজেলা সদরের বাজার ১৪১৫ বাংলা সনে ১ মাসের জন্য খাস কালেকশন হয় ৩০১০ টাকা এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৩০ হাজার ৬০০ টাকায়। পলাশ বাজার ১৪১৫ বাংলা সনে খাস কালেকশন হয় ১ লাখ ৮৮ হাজার ৪৫ টাকা এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৩ লাখ ৫১ হাজার ১০০ টাকায়।
এই বাজারগুলো    ছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার, জনতা বাজার ও বসন্তপুর বাজারের ১৪১৬ বাংলার ইজারা মেয়াদ শেষ হবার পর আজমখান ওয়াকফ স্টেটের পক্ষ থেকে যুগ্ম  জেলা জজ আদালতে স্বত্ব মামলা (৩৫/৮) দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। প্রথমে ৩ মাস, পরে আরো ৩ মাস এবং সবশেষে মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন আদালত।
আদালতের দেওয়া স্থগিতাদেশের পর থেকে প্রায় সব কয়টি বাজারেই আজম খান ওয়াকফ স্টেটের হয়ে টোল আদায় করছেন ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, ইকন্দর মিয়া, ওমর আলী ও তাদের লোকজন। ইসকন্দর মিয়ার পক্ষে তার ছেলে রাজু মিয়া বাজারগুলোতে টোল আদায় দেখাশুনা করেন।
অভিযোগ প্রসঙ্গে রাজু মিয়া বলেন,‘এর আগে ৩০ চৈত্র পর্যন্ত আমরা ওয়াকফ স্টেট থেকে ইজারা এনেছিলাম, আবার চিনাকান্দি বাজার, বিশ্বম্ভরপুর বাজার, পলাশ বাজার, মতুরকান্দি বাজার, ধনপুর বাজার, জনতা বাজার ও বসন্তপুর বাজার আগামী ৩০ চৈত্র পর্যন্ত ইজারা নিয়েছি আমরা, আমাদের সঙ্গে রফিকুল ইসলাম তালুকদার ও উমর আলী শরীক রয়েছেন, অন্যরা শরীক নয়, টোল আদায়ে আমাদের সহায়তা করেন তারা’।
উপজেলার বৃহৎ বাজার বিশ্বম্ভরপুর, চিনাকান্দি ও পলাশ বাজারের টোল আদায় এরা (ইজারাদাররা) নিজেরাই নিয়ন্ত্রণ করছেন। পলাশ বাজারে তাদেরকে স্থানীয় আওয়ামীলীগ নেতা আক্কাস মিয়া সহায়তা করেন বলে জানা গেছে।
এই দু’জনের হয়ে বিশ্বম্ভরপুরে আওয়ামী লীগ নেতা শামসু মিয়া ও বাজার কমিটির সভাপতি কফিল আহমদ প্রমুখ টোল আদায়ে সহায়তা করেন।
বিশ্বম্ভরপুর বাজার কমিটির সভাপতি কফিল মিয়া অবশ্য টোল আদায়ে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেছেন,‘টোল আদায় করছে সামছু মিয়া, ইসকন্দর মিয়া এবং তাদের লোকজন’। সরকারি এই বাজারটিতে এভাবে টোল আদায়ে আপনারা বাধা দিচ্ছেন না কেন? এমন প্রশ্নের জবাবে কফিল উদ্দিন বলেন,‘বাধা দিয়ে আমি আদালত অবমাননার মামলায় পড়বো না কী?’
ধনপুর বাজারে যুব লীগের কর্মী আবু সায়েদ, বাদশা ও মতি এবং স্থানীয় বিএনপি নেতা লুৎফুর রহমান টোল আদায়ে সহায়তা করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘আমি এই বাজারগুলোর এখন আর ইজারাদার বা টোল আদায়কারী নই, চেয়ারম্যান হবার আগে ছিলাম, মামলার কারণে বাজারগুলো ইজারা দেওয়া যাচ্ছে না, যারা টোল আদায় করছে, তারা আজম খান ওয়াকপ স্টেট থেকে ইজারা নিয়ে টোল আদায় করছে, সরকারের পক্ষ থেকে স্থগিতাদেশ রহিত করার জন্য আইনী প্রচেষ্টা চালানো হচ্ছে’।
বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত বলেন,‘বিশ্বম্ভরপুরের ২২ টি বাজারের ৩ টি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, বাকীগুলো মামলায় জড়িত’।
বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘কিছু বাজার রয়েছে যেগুলো ইজারা দেবার উপযোগি নয়, বড় বাজারগুলো মামলা থাকায় ইজারা দেওয়া যায়নি। গত সপ্তাহে জেলা প্রশাসক মহোদয়কে আমরা চিঠি দিয়ে মামলার হালনাগাদ অবস্থা জানতে চেয়েছি, সরকারি কৌশলীর মতামত নিয়ে আমরা সেই অনুযায়ি ব্যবস্থা নেব’।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ বলেন,‘বিশ্বম্ভরপুরের বড় বাজারগুলো মামলায় জড়িত, উপজেলা প্রশাসনকে আমরা বলেছি বাজারগুলো সরকারের নিয়ন্ত্রণে রাখার জন্য এবং আইনী প্রক্রিয়া যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবার জন্য’।

  • [১]