- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরের ৭ বাজারে চাঁদাবাজি

বিশেষ প্রতিনিধি
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৭ টি বড় বাজারে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই টোল আদায়ের নামে সরকার দলীয় একটি পক্ষ চাঁদাবাজী করছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বুধবারও  এরা উপজেলার বৃহৎ বাজার চিনাকান্দি থেকে টোল আদায়ের নামে চাঁদা তুলেছে। অবশ্য, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেছেন,‘এই অভিযোগ ভিত্তিহীন’।
জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার বড় ৭ টি বাজার গত ৩ বছর ধরে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। মামলা-মোকদ্দমায় জড়িত রেখে সরকারদলের নেতা পরিচয়ে এগুলো থেকে টোল আদায় করছে কিছু লুটেরা। কোথাও কোথাও এসব লুটেরাদের সহায়তা করে বিএনপির সুবিধাবাদীরাও নেপথ্যে থেকে ভাগ নিচ্ছে। গত দুই বছরে এই বাজারগুলো থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার। এর আগে বিএনপি সরকারের সময়কালেও দলীয় পরিচয় দিয়ে এই বাজারগুলো লুটে-পুটে খেয়েছে লুটেরারা ।
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমার উত্তর পাড়ের সবচেয় বৃহৎ বাজার বিশ্বম্ভরপুরের চিনাকান্দি। চার বছর আগে ১৪১৫ বাংলা সনে এই বাজার সরকারের দখলে ছিল এবং স্থানীয় প্রশাসন ৭ লাখ ১ হাজার টাকা খাস কালেকশন আদায় করেছে। ১৪১৬ বাংলা সনে ইজারা দিয়ে রাজস্ব পাওয়া গেছে ১২ লাখ ২০ হাজার টাকা। এই ইজারা মেয়াদ শেষ হতেই আজম খান ওয়াকপ স্টেটের পক্ষ থেকে আদালতে মালিকানা দাবী করে স্বত্ব মামলা দায়ের হয়। এবং এরপরই সরকারের দখল ছাড়া হয়ে যায় বাজারটি।
একইভাবে এই উপজেলার ধনপুর বাজার ১৪১৫ বাংলা সনে ৬ মাসে খাস কালেকশন হয় ১৪ হাজার ৪৮০ টাকা এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৬৮ হাজার ৫০০ টাকায়। বিশ্বম্ভরপুর উপজেলা সদরের বাজার ১৪১৫ বাংলা সনে ১ মাসের জন্য খাস কালেকশন হয় ৩০১০ টাকা এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৩০ হাজার ৬০০ টাকায়। পলাশ বাজার ১৪১৫ বাংলা সনে খাস কালেকশন হয় ১ লাখ ৮৮ হাজার ৪৫ টাকা এবং ১৪১৬ বাংলা সনে ইজারা হয় ৩ লাখ ৫১ হাজার ১০০ টাকায়।
এই বাজারগুলো ছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার, জনতা বাজার ও বসন্তপুর বাজারের ১৪১৬ বাংলার ইজারা মেয়াদ শেষ হবার পর আজমখান ওয়াকপ স্টেটের পক্ষ থেকে যুগ্ম  জেলা জজ আদালতে স্বত্ব মামলা (৩৫/৮) দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়। প্রথমে ৩ মাস, পরে আরো ৩ মাস এবং সবশেষে মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করেন আদালত।
আদালতের দেওয়া স্থগিতাদেশের পর থেকে প্রায় সব কয়টি বাজারেই আজম খান ওয়াকপ স্টেটের হয়ে টোল আদায় করছেন ধনপুর ইউপি চেয়ারম্যান বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারের ঘনিষ্টজনেরা। রফিকুল ইসলামের আত্মীয় ও ঘনিষ্টদের মধ্যে খালেদ মাহমুদ তালুকদার, সেলিম তালুকদার, ছালেক তালুকদার, হাসিম, মনির, ফরহাদ প্রমুখ এই বাজারগুলো থেকে টাকা আদায় করছেন।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে বিশ্বম্ভরপুরের সবকয়টি বাজারে সরকার পক্ষ ও অন্য পক্ষের কাউকেই টাকা আদায় না করতে ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে ।
চিঠি পেয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা চিঠি দিয়ে জানিয়েছেন। কিন্তু উপজেলার চিনাকান্দি বাজার থেকে বুধবারও টাকা আদায় করেছেন খালেদ মাহমুদ তালুকদার, সেলিম তালুকদার, ছালেক তালুকদার, হাসিম, মনির, আবুল, ফরহাদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহ্পুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বলেন,‘ওয়াকফ স্টেটের নামে বাজার থেকে টাকা তুলতে সরকারের পক্ষ থেকে হাইকোর্টে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল (রীট পিটিশন নম্বর ৬০১/২০১৬)। এই মামলায় আদেশ হবার পর জেলা প্রশাসনের নির্দেশে খাস কালেকশন শুরু হয়। কিন্তু ওয়াকফ স্টেটের হয়ে এই মামলার তথ্য গোপন করে আদালতে স্থগিতাদেশ চায় অন্যপক্ষ। জেলা প্রশাসক পরে সকল পক্ষকেই টাকা তুলতে নিষেধাজ্ঞার চিঠি দিয়েছেন। এরপরও বুধবার ধনপুর বাজারে রফিকুল ইসলাম তালুকদারের লোকজন টাকা আদায় করেছে।’
ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন,‘একটি পক্ষ আমার বিরুদ্ধে সব সময়ই মিথ্যাচার করে। এই ক্ষেত্রেও তারা সেটি করছে। এই মামলায় আমিও ২০ নম্বর বিবাদী, হাইকোর্টের আদেশের পর জেলা প্রশাসনের নির্দেশে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা টোল আদায় বন্ধের নির্দেশ দেবার পর কেউ-ই টোল আদায় করছে না। বুধবার পুলিশ ও প্রশাসনের লোকজন চিনাকান্দি বাজারে আসার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান হিসাবে আমি সরকারী কাজে সহযোগিতা করেছি’।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন,‘বিশ্বম্ভরপুরের মামলায় জড়িত বাজার থেকে সরকারের পক্ষেও কোন খাস কালেকশন হচ্ছে না। অন্য কোন পক্ষও করতে পারছে না। মঙ্গলবার এই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চিঠি পেয়েছি, বুধবারই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে’।

  • [১]