সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
সরকার প্রাথমিক শিক্ষাকে উন্নত ও যোগপোযোগী করে গড়ে তোলার লক্ষে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রাখলেও প্রত্যন্ত দুর্গম এলাকায় অবকাঠামো, শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে। সমস্যাগ্রস্ত উপজেলার মধ্যে বিশ্বম্ভরপুর একটি উপজেলা। এ উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চেয়ার, টেবিল, বেঞ্চ, শিক্ষক স্বল্পতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
এ ব্যপারে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা অনুকুল চন্দ্র দাস বলেন, বিশ্বম্ভরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে। ৭৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৯ টি মদ্রাসাসহ মোট ৮৬ টি বিদ্যালয়ে ৩৭৮ জন কর্মরত শিক্ষকদের আমি সহ মাত্র ২ জন কর্মকর্তা দ্বারা সঠিকভাবে তদারকি করা সম্ভব না। ৪২৮ টি প্রাথমিক শিক্ষক পদের মধ্যে প্রধান শিক্ষক পদে ১০ টি সহকারি শিক্ষক পদে ২৫ টিসহ মোট ৫০ টি শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে।
আমড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাস জানান, তার বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ৫৬৫ জন, ৭ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৪ জন। ৪ জন শিক্ষক দ্বারা ৫৬৫ জন ছাত্রছাত্রীকে সন্তোষজনক পাঠদান সম্ভব হয় না। তাছাড়া বসার জন্য বেঞ্চ না থাকায় অনেক সময় মাটিতে বসাতে হয়।
বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. মুহছিনা খানম জানান, তার বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মোট ৯ টি শ্রেণিতে ৫৬৬ জন ছাত্রছাত্রী রয়েছে। ৮ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন ৬ জন, তন্মধ্যে মাতৃত্ব ছুটিতে আছেন ১ জন। বর্তমানে ৯ টি ক্লাসের ৫৬৬ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র ৫ জন শিক্ষক কর্মরত রয়েছেন। বিদ্যালয়ে পাঠদান করার মত শ্রেণিকক্ষ, বেঞ্চ ও আনুষাঙ্গিক আসবাবপত্রের অভাবে শিক্ষার মান খারাপ হচ্ছে। এ অবস্থা উপজেলার আরো বহু প্রতিষ্ঠানেই রয়েছে।