- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে আইন শৃংখলা সভায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাসিক আইন শৃংখলা সভা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) মো. তালুতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ উপস্থিত ছিলেন।
ফতেপুর ইউপির চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন রক্তি নদীতে রঙ্গারচর ও আবুয়া নদীর মুখে বালু-পাথর বাহী নৌ-যান থেকে জোর পূর্বক চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানান
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানি রক্তি নদীতে চাঁদা আদায়কারী আলিপুর গ্রামের সহিদ চৌধুরীর ছেলে তছলিম, আ. মতলিবের ছেলে শাহ আলম, জাহের আলীর ছেলে আব্দুল আজিজ ও সিরাজ মিয়া, ওসমান মিয়ার ছেলে বোরহান, হাজী মন্তাজ আলীর ছেলে আব্দুল হক, আব্দুল করিমের ছেলে মহরম আলী, রহমান আলীর ছেলে আক্কাছ মিয়া, আলমাডর গ্রামের আ. হাসিমের ছেলে মুজিব, উমেদপুর গ্রামের নেরু ইসলামের ছেলে কামাল, শাহপুর গ্রামের মকলিছ মিয়ার ছেলে রুবেল একই গ্রামের মুনশুর আলীর ছেলে ফয়জুল হক, খিরধরপুর গ্রামের রফিক মিয়ার ছেলে শিমুল ও জসিমের নাম সভায় উত্থাপন করেন। নামের তালিকা উত্থাপন করলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার চাঁদাবাজদের নামগুলো সভার রেজুলেশনের অন্তর্ভূক্ত করার নির্দেশ দেন।
সলুকাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ধোপাজান চলতি নদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকার দুই শীর্ষ চাঁদাবাজ আদাং গ্রামের আব্দুল আজিজের পুত্র জয়নাল আবেদিন হাজারী ও ভাদেরটেক মনিপুরহাটি গ্রামের আবুল বাশারের পুত্র জালাল উদ্দিনের নাম উল্লেখ করে বলেন, ‘এই দুই চাঁদাবাজের নেতৃত্বে ধোপাজান চলতি নদীতে চাঁদাবাজি হচ্ছে। তাদের নাম রেজুলেশনের অন্তর্ভূক্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ধোপাজান চলতি নদীতে অবৈধ বোমা ড্রেজার মেশিন দ্বারা বালু-পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ধোপাজান চলতি নদীতে অবৈধ বোমা মেশিন বন্ধের ও চাঁদাবাজি বন্ধের জন্য, সলুকাবাদ ইউপি এলাকা ও ফতেপুর ইউপি এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সর্বস্তরের জনতাকে নিয়ে বিশাল সমাবেশ করার প্রস্তাব করেন।

  • [১]