বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর কৃষি উপকরণ ও সহায়তা কার্ড বিতরণে অনিয়ম, দুর্নীতি ও উৎকোচ গ্রহণের বিরুদ্ধে কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি বছর উপজেলার বোরো ফসল ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে কৃষি উপকরণ সহায়তার লক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের যাচাই বাছাইয়ের মাধ্যমে কৃষি সহায়তা কার্ড বিতরণের নিয়ম থাকলেও বিভিন্ন ইউনিয়নে অনিয়ম দুর্নীতি ও উৎকোচ গ্রহণের অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা যায়, উপজেলার পলাশ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আলফাজ উদ্দিন কাজল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রতন দাশ, ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন ও এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি অফিসার হুমায়ূনের বিরুদ্ধে প্রতি কার্ডে ৫ শত থেকে ১ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করেন। যারা টাকা দিতে পারেনি তাদের বঞ্চিত করেছেন তারা।
এ ব্যাপারে ইউনিয়নবাসীর পক্ষে চাঁনপুর গ্রামের ফজলুল হকসহ ১৬ জন স্বাক্ষরিত একটি অভিযোগপত্র কৃষি মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের সকল কর্তৃপক্ষকে এর অনুলিপি প্রদান করা হয়েছে।
অভিযোগ বিষয়ে ইউপি সদস্য আলফাজ উদ্দিন কাজল, রতন দাশ, আমিনা খাতুন ও উপ-সহকারি কৃষি অফিসার হুমায়ূন বলেন, ‘তালিকা প্রস্তুতে কোন অনিয়ম দুর্নীতি হয় নি। কোন ধরনের উৎকোচ আমরা নেইনি। অভিযোগটি সঠিক নয়।’