- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ঢেউয়ে ভাঙছে সড়ক

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বন্যার পানি দ্রুত বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মঙ্গলবার থেকে উপজেলায় অনবরত বৃষ্টিপাত হচ্ছে। বন্যার পানিতে বিশ্বম্ভরপুর-তাহিরপুর রাস্তা শক্তিয়ারখলা ১০০মিটার ব্রীজের কাছে কোমর সমান পানি হয়েছে। এতে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নৌকা দিয়ে চলচল করছেন জনসাধারণ। এদিকে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে সালামপুর ব্রীজ থেকে লালপুর রাধানগর পর্যন্ত সড়কে পানি উঠেছে। অনেক স্থানে ঢেউয়ে সড়কের দু’পাশ ভাঙছে। উপজেলা সদর থেকে বিশ্বম্ভরপুর বাজার এলজিইডির সড়কেও হাওরের ঢেউয়ে অনেক স্থানে ভেঙ্গে যাচ্ছে। উপজেলা প্রকৌশলী মুখলেছুর রহমান সরদার বলেন, হাওরের ঢেউয়ে অনেক স্থানে সড়ক ভাঙছে। তবে বরাদ্দ না থাকায় সড়কটি রক্ষণাবেক্ষণ ও সংস্কার করা সম্ভব হচ্ছে না।
এছাড়া উপজেলার সলুকাবাদ, ফতেপুর, বাদাঘাট ও পলাশ ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ, বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ হাট বাজার, উপজেলা পরিষদ অফিস পাড়া, আবাসিক এলাকাসহ হাওর এলাকার বিভিন্ন গ্রামে পানি উঠছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া বলেন, পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন এলাকায় শাক সবজিসহ বিভিন্ন ফসল পানিতে ডুবে গেছে। বন্যার পানি যদি বাড়তে থাকে তাহলে শাক সবজির ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে।
সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন বলেন, ভাদেরটেক চালবন গ্রামগুলোতে পাহাড়ি ঢলের পানিতে কাচা ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হচ্ছে।
বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যার অ্যাড. ছবাব মিয়া বলেন, পাহাড়ি ঢলে বিভিন্ন গ্রামের কাচা ঘর বাড়ির ক্ষতির আশংকা হচ্ছে। শাক সবজি ক্ষেত তলিয়ে গেছে। এছাছাও বিভিন্ন রাস্তা পানিতে ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করছি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যার্তদের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে এ পর্যন্ত ৪০ মে. টন চাল, ২০০ প্যাকেট শুকনো খাবার, ১ লক্ষ টাকা নগদ ও ২৬ হাজার টাকার গো-খাদ্য বারাদ্দ পাওয়া গেছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ হাওর এলাকার গোপালপুর, লক্ষীপুর, চান্দারগাঁও, বাহাদুরপুর, কাটাখালীসহ বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিরতণ করেছেন। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, পিআইও অফিসের আব্দুল মমিন।

  • [১]