- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ত্রাণ বিতরণে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ডাটাবেজের অন্তর্ভুক্ত করে সুষ্ঠুভাবে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। মঙ্গলবার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ফতেপুর ইউনিয়নের রায়পুর, রাধানগর গ্রামসহ হাওরপাড়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ সঙ্গে ছিলেন।
জানা যায়, এ পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে ৯৫ মে.টন চাল বিতরণ করা হয়েছে। তাছাড়া গুদামে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ রয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬ লক্ষ টাকার রান্না করা খাবার এবং বিভিন্ন খাবার প্যাকেট, শিশুখাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলার সকল ইউনিয়নে এ পর্যন্ত সাড়ে চার লক্ষ টাকার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত খাদ্য সামগ্রী ২,২০০টি পরিবারের মধ্যে বিতরণ চলছে। অপরদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষণের জন্য জেরিকেন বিতরণ করা হচ্ছে।
অপরদিকে প্রায় ৭০—৮০টি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে এ পর্যন্ত অনুমান ২০ হাজার পরিবারকে ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ জানান, বিভিন্ন সরকারি বেসকারি ত্রাণ যাতে সকলের নিকট সুষম ভাবে বন্টন হয় সেজন্য বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি গ্রামকে ডাটা বেজে অন্তভুর্ক্ত করে সমন্বয় করা হচ্ছে।

  • [১]